সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

স্বর্ণের আজকের বাজারদর

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২৬, ১০:৪৩ এএম

স্বর্ণের আজকের বাজারদর

আন্তর্জাতিক বাজারে ক্রমাগত মূল্যবৃদ্ধির প্রভাবে দেশের বাজারে রেকর্ড হারে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ২৯৯ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকায় দাঁড়িয়েছে যা দেশের ইতিহাসের সর্বোচ্চ। 

গত শুক্রবার থেকে এই নতুন দাম কার্যকর হলেও আজ রোববারও একই মূল্যে বাজারে স্বর্ণ কেনাবেচা হচ্ছে। মূলত স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

নতুন নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি বা ১১.৬৬৪ গ্রাম স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা। 

বাজুস স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে ঘোষিত এই বিক্রয়মূল্যের সাথে ক্রেতাকে বাধ্যতামূলকভাবে সরকারের নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং জুয়েলার্স নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার শৈল্পিক কারুকাজ ও মানভেদে মজুরির পরিমাণ কিছুটা কমবেশি হতে পারে।স্বর্ণের পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও। নতুন তালিকা অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন ৬ হাজার ৮৮২ টাকা যা আগের তুলনায় ভরিতে ৫২৫ টাকা বেশি। 

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৫৩২ টাকা ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। হঠাৎ করে মূল্যবান ধাতুর এমন আকাশছোঁয়া দাম বৃদ্ধিতে সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিয়ের মৌসুম ও উৎসবের কেনাকাটায় এই বর্ধিত মূল্য বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।