রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আজ থেকে কার্যকর স্বর্ণের নতুন দাম

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৭, ২০২৬, ১০:৩৯ এএম

আজ থেকে কার্যকর স্বর্ণের নতুন দাম

দেশের বাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে নতুন ও সর্বোচ্চ দামে বিক্রি শুরু হচ্ছে মূল্যবান এই ধাতু। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা যা দেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্যের রেকর্ড।

মূলত স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন মূল্য নির্ধারণ করেছে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটি।

নতুন এই দর অনুযায়ী শুধু ২২ ক্যারেট নয় বরং সব ধরনের স্বর্ণের দামই বেড়েছে। এখন থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে গ্রাহককে গুনতে হবে ২ লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকা। 

তবে বাজুস স্পষ্ট করে জানিয়েছে যে বিজ্ঞপ্তিতে দেওয়া এই মূল্যের সঙ্গে সরকারকে আবশ্যিকভাবে ৫ শতাংশ ভ্যাট প্রদান করতে হবে। একই সঙ্গে বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরিও যুক্ত হবে গহনা কেনার ক্ষেত্রে। যদিও অলঙ্কারের ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ কমবেশি হতে পারে।চলতি ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত মাত্র কয়েক দিনেই ১৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো যার মধ্যে ১১ বারই দাম বাড়ানো হয়েছে। 

গত ২০২৫ সালেও স্বর্ণের বাজারের অস্থিরতা ছিল চোখে পড়ার মতো। গত বছর মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল যার মধ্যে ৬৪ বারই দাম বেড়েছিল। আন্তর্জাতিক বাজারের সঙ্গে স্থানীয় বাজারের সমন্বয় করতে গিয়েই বারবার এই পরিবর্তন আসছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। সাধারণ ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা এখন অনেকটা নাগালের বাইরে চলে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে বিয়ের মৌসুমে স্বর্ণের এই চড়া দাম মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।