ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৭:৪৫ পিএম
দেশের বাজারে ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে তিন দফায় কমেছে স্বর্ণের দাম। নজিরবিহীন এই দরপতনের ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকায় দাঁড়িয়েছে। সোমবার বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস।
সংগঠনের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে এই দাম কমানোর তথ্য জানানো হয়। বাজুস জানিয়েছে যে স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার কারণেই এই সমন্বয় করা হয়েছে।
এর আগে রোববার রাতে প্রথম দফায় দাম কমানোর ঘোষণা দেওয়া হয় যা সোমবার সকাল থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তবে সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে আরও এক দফা দাম কমানো হয়। সেই রেশ কাটতে না কাটতেই মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে বেলা ৩টা ৪৫ মিনিটে তৃতীয়বারের মতো দাম কমানোর ঘোষণা দেয় বাজুস।
সবশেষ ঘোষণা অনুযায়ী প্রতি গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের দাম ৪৬৫ টাকা কমিয়ে ২১ হাজার ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ২১ ক্যারেট ও ১৮ ক্যারেটসহ সনাতন পদ্ধতির স্বর্ণের দামও উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরে দেশের বাজারে মোট ২২ বার স্বর্ণের দামের পরিবর্তন করা হলো। এর মধ্যে ১৪ বার দাম বাড়ানো হলেও কমানো হয়েছে ৮ বার।
স্বর্ণের বাজারের এমন অস্থিরতা ও কয়েক ঘণ্টার ব্যবধানে দফায় দফায় দাম পরিবর্তনের ঘটনাটি ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। বিশ্ববাজারের পরিস্থিতির সাথে মিল রেখে স্থানীয় বাজারে এই অস্থিরতা আরও কয়েকদিন চলতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। সাধারণ মানুষ মনে করছেন দামের এই ধারাবাহিক পতন জুয়েলারি শিল্পে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে আসবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন