বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

বড় পতনের পর আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১০:৩১ এএম

বড় পতনের পর আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

দেশের বাজারে আজ মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হয়েছে। গতকাল সোমবার এক দিনেই দুই দফায় বড় ধরনের দরপতনের পর আজ থেকে নতুন এই মূল্যে স্বর্ণ কেনাবেচা শুরু করেছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের মূল্য উল্লেখ্যযোগ্য হারে কমার ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাজারে আজ থেকে প্রতি ভরি অর্থাৎ ১১ দশমিক ৬৬৪ গ্রাম ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৮৭ টাকায় বিক্রি হবে। 

অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫২৩ টাকা। বাজুস আরও জানিয়েছে যে নির্ধারিত এই বিক্রয়মূল্যের সাথে ক্রেতাদের আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। 

তবে অলঙ্কারের নকশা ও মানের ওপর ভিত্তি করে এই মজুরি কম-বেশি হতে পারে। এর আগে সোমবার সকালেই এক দফা দাম কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা করা হয়েছিল। কিন্তু মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বিকেলে দ্বিতীয় দফায় আরও ৫ হাজার ৪২৪ টাকা কমানোর ঘোষণা দেয় সংগঠনটি। ফলে এক দিনের ব্যবধানেই স্বর্ণের দাম ভরিতে প্রায় ১২ হাজার ১৪ টাকা কমেছে যা সাম্প্রতিক সময়ে একটি রেকর্ড। 

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ২২ বার স্বর্ণের দামের পরিবর্তন করা হলো যার মধ্যে ১৪ বার বাড়ানো এবং ৮ বার কমানো হয়েছে। গত ২০২৫ সালেও স্বর্ণের বাজারের এই অস্থিরতা বজায় ছিল এবং মোট ৯৩ বার দাম সমন্বয় করতে হয়েছিল। বিশ্ববাজারের দর ওঠানামা ও স্থানীয় চাহিদার প্রেক্ষাপটে স্বর্ণের এই দাম আরও কয়েক দিন নিম্নমুখী থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।