রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১০:৪০ এএম

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

দেশের ইতিহাসে রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ৬২ হাজার ৯০ টাকায় বিক্রি হবে। গত ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) একদিনে দুই দফায় স্বর্ণের দাম মোট ১৬ হাজার ৩৩০ টাকা বৃদ্ধি করার পর থেকে এই রেকর্ড দাম কার্যকর রয়েছে। 

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য অস্বাভাবিক বেড়ে যাওয়ায় এবং আন্তর্জাতিক বাজারের অস্থিরতা বিবেচনায় নিয়ে এই নতুন দর নির্ধারণ করা হয়েছে।বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। 

এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৫ হাজার ৪৮৪ টাকা। 

উল্লেখ্য যে, গত মঙ্গলবার সকালেও একবার দাম বাড়ানো হয়েছিল, কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে বিকেলে দ্বিতীয় দফায় আরও বড় লাফ দেয় সোনার দাম। শুধু স্বর্ণ নয়, বাজারে রুপার দামও বর্তমানে ঊর্ধ্বমুখী।পরিসংখ্যান বলছে, ২০২৬ সালের প্রথম ৩৬ দিনেই দেশের বাজারে রেকর্ড ২৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৬ বার দাম বেড়েছে এবং মাত্র ৮ বার কমেছে। 

গত ২০২৫ সালেও রেকর্ড ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল। ক্রেতাদের মনে রাখা প্রয়োজন, বাজুস নির্ধারিত এই মূল্যের সাথে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং নূন্যতম ৬ শতাংশ মজুরি যোগ করে গয়নার চূড়ান্ত দাম নির্ধারিত হবে। তবে নকশাভেদে মজুরি কমবেশি হতে পারে।