রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ব্যাংক খাতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে নতুন নির্দেশনা

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১১, ২০২৬, ০৮:৪৯ পিএম

ব্যাংক খাতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে নতুন নির্দেশনা

ব্যাংকে বিদ্যুৎ সাশ্রয়

বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দেশের সব ব্যাংককে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সংযত হওয়ার নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটার আশঙ্কায় জাতীয় সম্পদের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে ব্যাংকগুলোর প্রধান কার্যালয়সহ শাখা ও উপশাখায় বিদ্যুৎ ও জ্বালানির অপচয় রোধে কঠোর নির্দেশ প্রদান করা হয়। 

সার্কুলারে বলা হয়েছে যে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি সংকটের ঝুঁকি এড়াতে সরকার ইতোমধ্যে বিভিন্ন মিতব্যয়ী পদক্ষেপ নিয়েছে যার ধারাবাহিকতায় ব্যাংক খাতকেও সতর্ক হতে হবে।

নতুন নির্দেশনায় ব্যাংকগুলোতে অপ্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে দিনের বেলায় কৃত্রিম আলোর পরিবর্তে প্রাকৃতিক আলো ব্যবহারের ওপর জোর দিতে বলা হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসির তাপমাত্রা কোনোভাবেই ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা যাবে না।

 পাশাপাশি ব্যাংক ভবনের অভ্যন্তরীণ ও বাহ্যিক অপ্রয়োজনীয় সাজসজ্জার আলো ব্যবহার বন্ধ রাখতে হবে। নির্ধারিত সময়ের বাইরে প্রচারমূলক ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডগুলোও চালু রাখা যাবে না বলে সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ব্যাংক কর্মকর্তাদের অফিশিয়াল গাড়ির ব্যবহার সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে। কর্মকর্তাদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ভ্রমণের ব্যয় কমিয়ে সম্ভব হলে গণপরিবহন বা কার-শেয়ারিং ব্যবহারে উৎসাহিত করতে বলা হয়েছে।

 

এছাড়া জেনারেটরের জ্বালানি ব্যবহার সীমিত রাখা এবং অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের মতে ২০২২ সালের ৭ সেপ্টেম্বর বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় সংক্রান্ত যে নির্দেশনা জারি করা হয়েছিল বর্তমান পরিস্থিতিতে সেটিও কঠোরভাবে অনুসরণ করতে হবে। আর্থিক খাতে জ্বালানির দক্ষ ব্যবহার নিশ্চিত করতে এই সিদ্ধান্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।