বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

চট্টগ্রাম বন্দরে ১৬টি জ্বালানি জাহাজ, আসছে আরও ৩টি

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১৪, ২০২৬, ০২:৫৯ পিএম

চট্টগ্রাম বন্দরে ১৬টি জ্বালানি জাহাজ, আসছে আরও ৩টি

বন্দরে জ্বালানি খালাস

পরিশোধিত জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ১৬টি জাহাজ এসে পৌঁছেছে। এটি দেশের বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। গত ৩ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত এসব জাহাজ বন্দরে নোঙর করেছে। বন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুযায়ী ইতিমধ্যে ১১টি জাহাজ থেকে জ্বালানি খালাস সম্পন্ন হয়েছে এবং বাকি পাঁচটি জাহাজ থেকে খালাস প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। 

এছাড়া আগামী কয়েক দিনের মধ্যে আরও তিনটি জ্বালানিবাহী জাহাজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।মার্চের প্রথম দশ দিনে কাতার থেকে তিনটি এলএনজিবাহী জাহাজ প্রায় ৬২ হাজার টন করে এলএনজি নিয়ে খালাস সম্পন্ন করেছে। 

এগুলোর মধ্যে রয়েছে আল জুর, আল জাসাসিয়া ও লুসাইল। গত ১২ মার্চ চট্টগ্রামে পৌঁছানো আল গালায়েল জাহাজ থেকে আরও ২৬ হাজার ১৬৫ টন এলএনজি বর্তমানে ভাসমান স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিটে খালাস করা হচ্ছে। অন্যদিকে এই সময়ে এলপিজিবাহী জাহাজের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। মালয়েশিয়া ও ওমান থেকে আসা জাহাজগুলো ইতিমধ্যে মোট ১৯ হাজার ৩১৬ টন এলপিজি খালাস করেছে। 

আরও কয়েকটি এলপিজি ট্যাংকারে খালাস প্রক্রিয়া চলছে যা চলতি মাসের মাঝামাঝি সময়ে শেষ হতে পারে।এলএনজি ও এলপিজি ছাড়াও পরিশোধিত জ্বালানি, ফার্নেস অয়েল, গ্যাস অয়েল, ডিজেল ও বেজ অয়েলের মতো শিল্প খাতের গুরুত্বপূর্ণ কাঁচামাল দেশে এসেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্যমতে সব মিলিয়ে প্রায় ১ লাখ ৪৭ হাজার টন পরিশোধিত জ্বালানি এবং ৪ হাজার টন বেজ অয়েল বন্দরে পৌঁছেছে। 

বর্তমানে হরমুজ প্রণালির ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্বব্যাপী জাহাজ চলাচল ও বিমা খরচ কিছুটা প্রভাবিত হলেও চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন যে নিয়মিত সরবরাহ বজায় থাকায় দেশের বিদ্যুৎ উৎপাদন, শিল্প উৎপাদন ও গৃহস্থালির জ্বালানি সরবরাহে কোনো ধরনের বড় সংকটের আশঙ্কা নেই।