বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,
পোশাক রপ্তানি বৃদ্ধি

নতুন ও অপ্রচলিত বাজারে বেড়েছে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয়

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১১, ২০২৬, ১০:১৮ এএম

নতুন ও অপ্রচলিত বাজারে বেড়েছে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয়

ছবি: সংগৃহীত

প্রচলিত গন্তব্যের বাইরে নতুন ও অপ্রচলিত বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ক্রমশ বাড়ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে অর্থাৎ জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এসব বাজারে রপ্তানি আয় বেড়ে দাঁড়িয়েছে দুই শত সাইত্রিশ কোটি ষোল লাখ ডলারে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় নয় দশমিক ত্রিশ শতাংশ বেশি।

তবে এ প্রবৃদ্ধির অর্ধেকের বেশি এসেছে একক দেশ তুরস্ক থেকে। দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে দ্বিগুণেরও বেশি। অন্যদিকে জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার মতো গুরুত্বপূর্ণ গন্তব্যে ইতিবাচক ধারা থাকলেও ভারতের বাজারে আয় কমেছে। ফলে নতুন বাজার সম্প্রসারণে অগ্রগতি দেখা গেলেও কয়েকটি নির্দিষ্ট দেশের ওপর নির্ভরতা এখনো কাটেনি।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যানুযায়ী, গত অর্থবছরের একই সময়ে অপ্রচলিত বাজারগুলোতে বাংলাদেশের পোশাক রপ্তানি থেকে আয় হয়েছিল দুই শত ষোল কোটি আটানব্বই লাখ ডলার। চলতি অর্থবছরের প্রথম চার মাসে তা বেড়ে দুই শত সাইত্রিশ কোটি ষোল লাখ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ, এক বছরের ব্যবধানে আয় বেড়েছে বিশ কোটি আঠারো লাখ ডলার।

পরিসংখ্যানে দেখা যায়, এ বাড়তি আয়ের প্রায় তিপ্পান্ন শতাংশ এসেছে তুরস্কের বাজার থেকে। গত বছরের জুলাই-অক্টোবর সময়ে দেশটিতে নয় কোটি সাতানব্বই লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছিল। চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে বিশ কোটি পঁয়ষট্টি লাখ ডলারে। প্রবৃদ্ধি হয়েছে এক শত সাত দশমিক শূন্য পাঁচ শতাংশ।

অর্থাৎ, এক বছরের ব্যবধানে তুরস্কে রপ্তানি বেড়েছে দশ কোটি আটষট্টি লাখ ডলার। অপ্রচলিত বাজারে মোট রপ্তানিতে দেশটির অংশীদারত্বও চার দশমিক ছয় শূন্য শতাংশ থেকে বেড়ে আট দশমিক সাত এক শতাংশে পৌঁছেছে।

অপ্রচলিত বাজারগুলোর মধ্যে বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় গন্তব্য জাপান। জুলাই-অক্টোবর সময়ে দেশটিতে তিপ্পান্ন কোটি তিয়াত্তর লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় দুই দশমিক চল্লিশ শতাংশ বেশি। অপ্রচলিত বাজারে জাপানের অংশীদারত্ব আঠারো দশমিক চার চার শতাংশ।

দ্বিতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। দেশটিতে রপ্তানি হয়েছে ছাব্বিশ কোটি চল্লিশ লাখ ডলারের পোশাক, যা আগের অর্থবছরের তুলনায় তিন দশমিক শূন্য এক শতাংশ বেশি। অন্যদিকে ভারতে আয় পাঁচ দশমিক তিন আট শতাংশ কমে পঁচিশ কোটি নয় লাখে নেমেছে। দক্ষিণ কোরিয়ায় রপ্তানি হয়েছে পনেরো কোটি তেরো লাখ ডলারের পণ্য। দেশটিতে প্রবৃদ্ধি হয়েছে পাঁচ দশমিক আট দুই শতাংশ।

শীর্ষ পাঁচ গন্তব্যের বাইরের দেশগুলোতেও রপ্তানির ইতিবাচক ধারা রয়েছে। আলোচ্য চার মাসে এসব দেশে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে এক শত ছয় কোটি ষোল লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় আট দশমিক চার আট শতাংশ বেশি। অপ্রচলিত বাজারে এ গন্তব্যগুলোর সম্মিলিত অংশ চুয়াল্লিশ দশমিক সাত ছয় শতাংশ।

অর্থাৎ তুরস্ক, জাপান, অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ কোরিয়ার বাইরে থাকা দেশগুলোও বাংলাদেশের পোশাকশিল্পের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে নতুন গন্তব্যে রপ্তানি বাড়লেও প্রচলিত বাজারের ওপর নির্ভরতা এখনো অনেক বেশি।

জুলাই-অক্টোবর সময়ে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র মিলিয়ে বাংলাদেশের মোট পোশাক রপ্তানির সাতষট্টি দশমিক পাঁচ শতাংশ গেছে এসব বাজারে। বিপরীতে অপ্রচলিত বাজারের সম্মিলিত অংশ বেড়ে সতেরো দশমিক দুই পাঁচ শতাংশ হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ষোলো দশমিক সাত শূন্য শতাংশ।

অর্থাৎ, বাজার সম্প্রসারণে অগ্রগতি থাকলেও মোট রপ্তানিতে নতুন গন্তব্যগুলোর অবস্থান এখনো তুলনামূলক ছোট। একক মাসের হিসাবেও নতুন বাজারে রপ্তানির ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে। গত অক্টোবরে এসব দেশে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে পঞ্চান্ন কোটি সাতানব্বই লাখ ডলার, যা আগের বছরের একই মাসের তুলনায় আট দশমিক নয় নয় শতাংশ বেশি।

অক্টোবরে তুরস্কে রপ্তানি বেড়েছে পঁচাত্তর দশমিক নয় ছয় শতাংশ। দেশটিতে এ মাসে পাঁচ কোটি আটানব্বই লাখ ডলারের পোশাক পাঠানো হয়েছে। একক মাসের হিসাবে জাপানের পরই ছিল তুরস্কের অবস্থান। এ সময়ে জাপানে রপ্তানি হয়েছে নয় কোটি সাইত্রিশ লাখ ডলারের পণ্য, যা আগের বছরের একই মাসের তুলনায় এক দশমিক ছয় চার শতাংশ বেশি।

অস্ট্রেলিয়ায় আয় এগারো দশমিক তিন দুই শতাংশ বেড়ে পাঁচ কোটি পঞ্চাশ লাখ ডলারে পৌঁছেছে। অন্যদিকে অক্টোবরে ভারতের বাজারে রপ্তানি পাঁচ দশমিক চার এক শতাংশ কমে চার কোটি ঊনপঞ্চাশ লাখে নেমেছে। একই সময় দক্ষিণ কোরিয়ায় আয় কমেছে চার দশমিক ছয় শূন্য শতাংশ। দেশটিতে রপ্তানি হয়েছে তিন কোটি চার লাখ ডলারের পোশাক।

বাজারসংশ্লিষ্টদের মতে, প্রচলিত বাজারের বাইরে বাংলাদেশের পোশাকশিল্পের জন্য নতুন সম্ভাবনা তৈরি হলেও সে সুযোগ কাজে লাগাতে রপ্তানি গন্তব্যের বৈচিত্র্য বাড়ানো জরুরি। তুরস্কের মতো বাজারে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি আশাব্যঞ্জক হলেও জাপান, অস্ট্রেলিয়া এবং শীর্ষ পাঁচের বাইরের দেশগুলোতে রপ্তানি আরও সম্প্রসারণ করতে হবে। একইসঙ্গে ভারতের মতো গুরুত্বপূর্ণ গন্তব্যে নেতিবাচক প্রবণতা কাটিয়ে ওঠাও শিল্পটির জন্য বড় চ্যালেঞ্জ।