মে ১২, ২০২৬, ০৯:৫৪ এএম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৪ দশমিক ২২৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে জানা গেছে, ১১ মে পর্যন্ত গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ হাজার ২২৬ দশমিক ৩৩ মিলিয়ন মার্কিন ডলার।আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী, এই রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৬৫ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলারে।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ৯ মে পর্যন্ত প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে।
এই সময়ে দেশে মোট ৩০ দশমিক ৩৬২ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২৫ দশমিক ৪০১ বিলিয়ন মার্কিন ডলার। সেই হিসাবে রেমিট্যান্সে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৯ দশমিক ৫ শতাংশ।
চলতি মে মাসের প্রথম নয় দিনে দেশে ১ দশমিক ০২৯ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ে রেমিট্যান্স আসার পরিমাণ ছিল ৮৬৪ মিলিয়ন মার্কিন ডলার। মাসভিত্তিক হিসাবে এবার ১৯ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এছাড়া শুধু ৭ থেকে ৯ মে—এই তিন দিনেই দেশে ২৭৭ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
সংশ্লিষ্টদের মতে, বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে সরকারের দেওয়া বিভিন্ন প্রণোদনা এবং ব্যাংকিং ব্যবস্থা সহজ করার কারণে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের আস্থার প্রতিফলনও এই প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে সহায়ক হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন