জুন ৫, ২০২৬, ০২:৩৭ পিএম
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আবার সুদহার বাড়ানোর আশঙ্কায় ধাতুটির দাম কমেছে।সাপ্তাহিক হিসেবে স্বর্ণের বড় ধরনের লোকসান হয়েছে।আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম দশমিক ৬ শতাংশ কমে চার হাজার ৪৪৫ ডলারের নিচে নেমেছে।
চলতি সপ্তাহে এখন পর্যন্ত এই মূল্যবান ধাতুর দর কমেছে প্রায় ২ শতাংশ। মার্কিন গোল্ড ফিউচারসের দামও একই হারে হ্রাস পেয়ে চার হাজার ৪৭১ ডলারে দাঁড়িয়েছে। বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্বর্ণ সংঘাতের অবসান নিয়ে তৈরি হওয়া হতাশার কারণে বিনিয়োগকারীদের মাঝে নেতিবাচক প্রভাব ফেলেছে।
সুদের হার বাড়লে স্বর্ণের বিনিয়োগ আকর্ষণ কমে যায়।শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে। আগামী ডিসেম্বর নাগাদ সুদহার বৃদ্ধির সম্ভাবনা ৫১ শতাংশ বলে মনে করছেন বিশ্লেষকরা।
বাজারের বর্তমান পরিস্থিতি বুঝতে বিনিয়োগকারীরা আজ প্রকাশ হতে যাওয়া যুক্তরাষ্ট্রের কৃষি খাতের বাইরের কর্মসংস্থান তথ্যের অপেক্ষায় রয়েছেন।অন্যান্য মূল্যবান ধাতুর দামও আজ উল্লেখযোগ্য হারে কমেছে।
রুপার দাম ২ শতাংশ কমে প্রতি আউন্স ৭২ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও যথাক্রমে ১ শতাংশ এবং ১ দশমিক ৭ শতাংশ কমেছে। সামগ্রিকভাবে মূল্যবান প্রতিটি ধাতুই চলতি সপ্তাহে লোকসানের মুখে পড়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন