রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আবারও কমল বিমানে ব্যবহৃত জেট ফুয়েলের দাম

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৭, ২০২৬, ০৬:০২ পিএম

আবারও কমল বিমানে ব্যবহৃত জেট ফুয়েলের দাম

দেশের বাজারে বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম পুনরায় কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি। রোববার বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন এই দর নির্ধারণের বিষয়টি জানানো হয়।আজ রাত ১২টার পর থেকেই নতুন এই দাম কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ফ্লাইটের প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম কমেছে ১৫ টাকা ৬৭ পয়সা।

আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও দাম কমানোর ঘোষণা দিয়েছে কমিশন। এখন প্রতি লিটার ফুয়েলের দাম ১ দশমিক ০৮২৩ ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৯৮০৮ ডলার নির্ধারণ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই নতুন দাম বহাল থাকবে।এর আগে গত ২৩ মে অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা করা হয়েছিল। 

তখন আন্তর্জাতিক রুটের জন্য দাম ১ দশমিক ৩৩৮৫ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ০৮২৩ ডলারে নির্ধারণ করা হয়েছিল।বাংলাদেশের প্রধান বিমানবন্দরসমূহ যেমন— ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরসহ কক্সবাজার ও যশোর বিমানবন্দরে এই নতুন দাম কার্যকর হবে। 

এ ছাড়াও ভবিষ্যতে চালু হতে যাওয়া বিমানবন্দরগুলোতেও একই নিয়ম প্রযোজ্য হবে।জ্বালানি তেলের দাম কমানোর ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর পরিচালনা ব্যয়ে কিছুটা সাশ্রয় হবে বলে ধারণা করা হচ্ছে।