জুন ৮, ২০২৬, ০৮:৪৯ পিএম
ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কায় সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।বাজার সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, সোমবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড-এর দাম প্রায় ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ ডলারের ওপরে উঠে যায়।
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ায় জ্বালানি বাজারে এই ঊর্ধ্বগতি তৈরি হয়েছে। যদিও দিনের পরবর্তী সময়ে দাম কিছুটা সমন্বয় হয়েছে, তবে বাজারে অস্থিরতা এখনো অব্যাহত রয়েছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে শান্তি আলোচনার আশায় তেলের দাম কিছুটা কমে এসেছিল। কিন্তু বৈরুতে ইসরায়েলি হামলা ও এর জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সেই সম্ভাবনা ম্লান হয়ে গেছে।সবচেয়ে উদ্বেগের বিষয় হলো হরমুজ প্রণালি। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহন এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে হয়।
এখানে কোনো ধরনের সরবরাহ বিঘ্নিত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের সংকট তৈরির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।সাপ্লাই পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওপেক প্লাস টানা চতুর্থবারের মতো উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
তবে ভূরাজনৈতিক ঝুঁকির মুখে এই সিদ্ধান্তের প্রভাব সীমিত থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই সংঘাত আরও বিস্তৃত হলে জ্বালানি বাজারের পাশাপাশি বৈশ্বিক অর্থনীতি ও শেয়ারবাজারেও এর প্রভাব আরও গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন