সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১৫, ২০২৬, ১১:১৬ পিএম

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক

চলমান অস্থির পরিস্থিতিতে যেসব গ্রাহক মেয়াদ শেষের আগেই তাদের সঞ্চয় ও আমানত হিসাব ভেঙেছিলেন, তাদের জন্য বিশেষ সুখবর দিয়েছে ইসলামী ব্যাংক। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সাত কর্মদিবসের মধ্যে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা তাদের হিসাব পুনরায় চালু করলে প্রি-ম্যাচিউর নগদায়নের কারণে আরোপিত সব ধরনের চার্জ ও আর্থিক ক্ষতি মওকুফ করা হবে। 

সোমবার ব্যাংকের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি বিশেষ নোটিশ প্রকাশ করা হয়েছে।একই সাথে হিসাবগুলোকে নতুন না ধরে চলমান হিসেবেই গণ্য করা হবে।নোটিশ অনুযায়ী, ১ জুন থেকে ১৫ জুন সময়ের মধ্যে যেসব গ্রাহক এমটিডিআরএ, এমএসবি, এমএমপিডিএস এবং এমএসএসএ হিসাব বন্ধ বা নগদায়ন করেছিলেন, তারা এই সুযোগটি পাবেন। 

গ্রাহকরা আগের আমানতের ধারাবাহিক সব সুবিধা ফিরে পাবেন এবং কোনো বাড়তি খরচ বহন করতে হবে না। কোনো ধরনের বিভ্রান্তিতে কান না দিয়ে সরাসরি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা বা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।সাম্প্রতিক সময়ে নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে গ্রাহকদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছিল, 

যার ফলে বিপুল পরিমাণ আমানত তুলে নেওয়ার ঘটনা ঘটে। এতে ব্যাংকটিতে তীব্র তারল্য সংকট দেখা দেয় এবং এটিএম বুথগুলোতে টাকার টান পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করে নতুন প্রশাসক দায়িত্ব দিয়েছে। গ্রাহকবান্ধব এই পদক্ষেপের মাধ্যমে ব্যাংকের ওপর আস্থা পুনরায় সুদৃঢ় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।