জুলাই ২, ২০২৬, ০২:৪৫ পিএম
জাতীয় রাজস্ব বোর্ডের তথা এনবিআরের অনলাইন ই-ভ্যাট সিস্টেমের আধুনিকায়ন ও কারিগরি মানোন্নয়নের জন্য সাময়িকভাবে সার্ভার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিশেষ প্রযুক্তিগত সংস্কার কার্যক্রমের কারণে আগামী শুক্রবার বেলা ৫টা পর্যন্ত ই-ভ্যাট সার্ভার ডাউন থাকবে। এই সময়সীমার মধ্যে করদাতারা সিস্টেমে কোনো ধরনের নতুন তথ্য আপলোড করতে পারবেন না বলে এনবিআরের ই-ভ্যাট ইউনিট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে এই গুরুত্বপূর্ণ আপগ্রেডেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।প্রযুক্তিগত এই পরিবর্তনের মাধ্যমে দেশের ভ্যাট ব্যবস্থায় বেশ কিছুন কাঠামোগত ও পদ্ধতিগত সংস্কার আনা হচ্ছে। এর মধ্যে অন্যতম হলো মূসক-৯ দশমিক ১ ফরমের আধুনিকায়ন এবং ধারা ২০(২)-এর অধীনে `রিভার্স চার্জ` ইনপুট করার জন্য নোট ১৫-এ নতুন অপশন যুক্ত করা।
পাশাপাশি বিল অব এন্ট্রি তথা বিওই ডেটার নাম পরিবর্তন করে `ইনপুট এগেইনস্ট বিল অব এন্ট্রি` রাখা হচ্ছে। একই সাথে পুরো সিস্টেমের নাম আইভ্যাট থেকে ইভ্যাটে রূপান্তর করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়া সরকারি ভ্যাট দপ্তরের ডিডিও ফাংশন এবং মাস্টার ডাটা লিস্ট ফাংশন উন্নত করার কাজ চলছে। এর ফলে ভ্যাট অফিসের নতুন অধিক্ষেত্র ম্যাপিং এবং ISSUE ও এক্সপায়ার ডেট সংক্রান্ত সার্চ ক্রাইটেরিয়া সহজ হবে। যারা এপিএলের মাধ্যমে রিটার্ন দাখিল করেন, তাদের জন্য ডাটা প্রসেসিং সংক্রান্ত অ্যাপ্লিকেশন সফটওয়্যার আরও উন্নত করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন