আগস্ট ১১, ২০২৬, ১২:৫৭ পিএম
হরমুজ প্রণালি পুনরায় চালু করা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সৃষ্ট অচলাবস্থায় আন্তর্জাতিক বাজারে আবারও অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো তেলের বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা পরিলক্ষিত হয়েছে। মধ্যপ্রাচ্যের এই কৌশলগত নৌপথ পুনরায় খুলে দেওয়ার বিষয়ে উভয় দেশের মধ্যকার আলোচনা নতুন করে জটিলতায় পড়ায় বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।
আন্তর্জাতিক বাজারে সোমবার থেকেই তেলের দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, ইরানের পক্ষ থেকে যুদ্ধক্ষতির ক্ষতিপূরণ চাওয়ার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা ক্ষতিপূরণ দাবি করায় আলোচনা নতুন বাঁক নিয়েছে। এর প্রত্যক্ষ প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। সোমবার তেলের দাম প্রায় পাঁচ শতাংশ বাড়ার পর মঙ্গলবারেও সেই ধারাবাহিকতা বজায় রয়েছে। বর্তমানে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে প্রতি ব্যারেল ৮৮ মার্কিন ডলারে পৌঁছেছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ৮২ দশমিক ৪৫ ডলারে দাঁড়িয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, গত ৩১ জুলাইয়ের পর এটিই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সর্বোচ্চ দাম। হরমুজ প্রণালি নিয়ে চলমান অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক অস্থিরতা বজায় থাকলে আগামী দিনগুলোতেও তেলের বাজারে অস্থিরতা স্থায়ী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন