রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আরেক দফা বাড়লো তেলের দাম

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১১, ২০২৬, ১১:৪৮ পিএম

আরেক দফা বাড়লো তেলের দাম

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনার অবসান নিয়ে আশাবাদ কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দুই শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। এর ফলে তেলের বাজার এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বৈশ্বিক বাজারে এই সরবরাহ-চাপ সৃষ্টি হয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।

মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম এক ডলার তিয়াত্তর সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি উননব্বই ডলার পঁয়তাল্লিশ সেন্টে দাঁড়িয়েছে।একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম এক ডলার একানব্বই সেন্ট বেড়ে চুরাশি ডলার চার সেন্টে পৌঁছায়। এর আগে সোমবারও দুই ধরনের তেলের দাম পাঁচ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছিল। 

ইরান যুদ্ধবিরতির জন্য নিজেদের শর্ত পেশ করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিহত আমেরিকানদের জন্য ক্ষতিপূরণ দাবি করায় দুই দেশের সমঝোতা প্রক্রিয়া আরও জটিল হয়ে পড়েছে।হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ হওয়ায় এটি বন্ধ থাকার আশঙ্কা বিশ্ববাজারে সরবরাহ সংকট ও অস্থিরতা আরও বাড়িয়ে দিচ্ছে।