আগস্ট ১২, ২০২৬, ০৪:২১ পিএম
বাংলাদেশকে একটি শক্তিশালী ও আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে বৈশ্বিক হালাল হাব হিসেবে প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার রাজধানীর বিআইআইএসএস মিলনায়তনে আয়োজিত `আসিয়ান অঞ্চলে হালাল ইকোসিস্টেম: বাংলাদেশের জন্য সম্ভাবনা` শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
বিভিন্ন খাতের সমন্বয়ে হালাল অর্থনীতি বর্তমানে একটি বৃহৎ বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় পরিণত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।খাদ্য ও পানীয়ের পাশাপাশি ওষুধ, প্রসাধনী ও পর্যটনের মতো খাতগুলোকে যুক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।সেমিনারে বাণিজ্যমন্ত্রী বলেন যে রপ্তানি বাড়াতে হলে দেশের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য একটি নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করা আবশ্যক।
স্বল্পোন্নত দেশ বা এলডিসি উত্তরণের পর রপ্তানি সুবিধা টিকিয়ে রাখতে মুক্ত বাণিজ্য চুক্তি এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক হালাল বাজারের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে দেশে একটি স্বাধীন ও গ্রহণযোগ্য সার্টিফিকেশন ব্যবস্থা গড়ে তোলার কথাও তিনি জানান।তৈরি পোশাকের পাশাপাশি রপ্তানি পণ্য বহুমুখীকরণের ক্ষেত্রে হালাল অর্থনীতি এক বিশাল সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।
অনুষ্ঠানে বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রেদওয়ানুর রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষণা পরিচালক ড. মাহফুজ কবীর। প্যানেল আলোচনায় ইসলামিক ফাউন্ডেশন ও বিএসটিআই-এর প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, মালয়েশিয়ার মতো সফল মডেল অনুসরণ করে এবং আন্তর্জাতিক মানের পরীক্ষাগার ও বিশেষায়িত শিল্প ক্লাস্টার তৈরির মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক হালাল সরবরাহ ব্যবস্থার অন্যতম প্রধান অংশীদার হয়ে উঠতে পারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন