বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বিশ্ববাজারে তেলের দর ঊর্ধ্বমুখী

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৯:৪৬ এএম

বিশ্ববাজারে তেলের দর ঊর্ধ্বমুখী

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা নতুন রূপ নেওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম তীব্র গতিতে বৃদ্ধি পেয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পাল্টাপাল্টি সংঘাতের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১০৭ মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়ার শঙ্কায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে এই অস্থিরতা দেখা দিয়েছে।

উভয় বেঞ্চমার্কের দরই এখন শত ডলারের ওপরে। আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নভেম্বর সরবরাহের চুক্তিতে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ১০৭ দশমিক ৫৪ মার্কিন ডলারে পৌঁছেছে। একই সাথে যুক্তরাষ্ট্রের প্রধান বাজার মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) অক্টোবর সরবরাহের মূল্য ২ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি ১০২ দশমিক ৩৪ ডলারে। এর ফলে গত সপ্তাহ থেকে শুরু হওয়া জ্বালানি মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা আরও জোরদার হলো।

আন্তর্জাতিক বাজারে এই মূল্যবৃদ্ধির পেছনে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও নৌপথের নিরাপত্তা ঝুঁকি সরাসরি ভূমিকা রাখছে। সম্প্রতি ড্রোন হামলার মুখে সৌদি আরব তাদের একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনের কার্যক্রম সাময়িক বন্ধ করে দেয়। একই সময়ে লোহিত সাগরের কৌশলগত বাব আল-মান্দাব প্রণালির নিকটবর্তী একটি গুরুত্বপূর্ণ দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।

বাব আল-মান্দাব জলপথটি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্য ও তেলবাহী জাহাজ চলাচলের অন্যতম প্রধান সংযোগ সড়ক হিসেবে বিবেচিত হয়। এই সংকীর্ণ সামুদ্রিক পথে যেকোনো দীর্ঘমেয়াদি অচলাবস্থা তৈরি হলে বিশ্বব্যাপী তেল সরবরাহ মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে বলে সংশ্লিষ্ট ব্যবসায়িক মহল দিনাজপুর টিভি ডট কম-কে নিশ্চিত করেছে।