বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,
জ্বালানি সংকটে বন্দর

ডিজেলের দাম বৃদ্ধিতে বন্দরে চুক্তি দর সমন্বয় চান অপারেটররা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১১:১১ এএম

ডিজেলের দাম বৃদ্ধিতে বন্দরে চুক্তি দর সমন্বয় চান অপারেটররা

চট্টগ্রাম বন্দরে কনটেইনার ও জাহাজ হ্যান্ডলিংয়ের পরিচালন ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছেন বার্থ অপারেটররা। ২০২২ সালের দরপত্র দাখিলের সময়ের তুলনায় ডিজেলের দাম প্রায় ৬৯ শতাংশ বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে তারা বর্তমান চুক্তি দর দ্রুত সমন্বয়ের দাবি জানিয়েছেন।

বিষয়টি সমাধানের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করা হয়েছে। বার্থ অপারেটরস, শিপ হ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গত ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়। সংগঠনটির বক্তব্য অনুযায়ী, তাদের মূল কার্যক্রম সরাসরি জ্বালানি তেলের ওপর নির্ভরশীল হওয়ায় বর্তমান চুক্তি দরে কার্যক্রম চালানো অসম্ভব হয়ে পড়ছে। দরপত্রের হিসাব তুলে ধরে সংগঠনটি জানায়, ২০২২ সালের ১৯ জানুয়ারি উন্মুক্ত দরপত্র বা ওটিএম পদ্ধতিতে কনটেইনার হ্যান্ডলিংয়ের প্রস্তাব চাওয়া হয়। তৎকালীন বাজারদর ও জ্বালানির মূল্য বিবেচনা করে সংশ্লিষ্টরা দরপত্র জমা দিয়েছিলেন। সেই সময় ডিজেলের বাজারদর ছিল প্রতি লিটার ৮০ টাকা।

এরপর কয়েক দফায় এই জ্বালানির দাম বাড়ানো হয়। প্রথম ধাপে ২০২২ সালের ৫ আগস্ট ডিজেলের দাম এক লাফে প্রতি লিটারে ৩৪ টাকা বৃদ্ধি করা হয়। পরবর্তীতে আরেক দফায় দাম বাড়ে আরও ১৫ টাকা, যার ফলে দরপত্রের সময়ের তুলনায় প্রতি লিটারে ৪৯ টাকা পর্যন্ত খরচ বৃদ্ধি পায়। সর্বশেষ গত ২০ সেপ্টেম্বর থেকে নতুন করে প্রতি লিটারে আরও ২০ টাকা বাড়িয়ে ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৩৫ টাকা। অর্থাৎ ২০২২ সালের দরপত্রের ৮০ টাকার তুলনায় বর্তমানে লিটারপ্রতি খরচ বেড়েছে ৫৫ টাকা, যা শতকরা হিসেবে প্রায় ৬৯ শতাংশ বেশি।বার্থ অপারেটরস, শিপ হ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে ইকরাম চৌধুরী জানান, দফায় দফায় জ্বালানির দাম বাড়লেও তাদের সেবামূল্যের চুক্তি দর সমন্বয় করা হচ্ছে না। এই বাড়তি পরিচালন ব্যয়ের কারণে পুরো চাপ অপারেটরদের নিজেদের বহন করতে হচ্ছে। তাই অবিলম্বে চুক্তি দর পুনর্বিবেচনার জন্য তারা বন্দর কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন। তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। বন্দর কর্তৃপক্ষের ডেপুটি ট্রাফিক ম্যানেজার হাসিনা আরজু জানান, বার্থ অপারেটরদের পাঠানো চিঠিটি তারা এখনও হাতে পাননি, তবে বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বিকডার একটি চিঠি তারা পেয়েছেন।

জ্বালানি মূল্যের প্রভাব ইতোমধ্যেই বন্দরের পুরো সরবরাহ ব্যবস্থার ওপর পড়তে শুরু করেছে। ডিজেলের দাম ১৭ দশমিক ৪ শতাংশ বৃদ্ধির প্রেক্ষাপটে বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপো বা আইসিডিগুলো তাদের জ্বালানিনির্ভর সেবামূল্য ৯ দশমিক ৮৫ শতাংশ বাড়িয়েছে। বেসরকারি কনটেইনার ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশনের মহাসচিব রুহুল আমিন সিকদার জানান, ডিজেলের দাম বাড়ার কারণে অফডকগুলোর পরিচালন খরচ সরাসরি বেড়ে গেছে। ফলে তারা হিসাব করে একটি যৌক্তিক বর্ধিত চার্জ নির্ধারণ করেছেন এবং বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে।

এদিকে কোনো আলোচনা ছাড়া একক সিদ্ধান্তে সেবামূল্য বৃদ্ধি সরবরাহ ব্যবস্থায় বিশৃঙ্খলা তৈরি করছে বলে মনে করছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আমজাদ হোসেন চৌধুরী জানান, তৈরি পোশাক খাতের মতো প্রধান রপ্তানি পণ্যের কাঁচামাল আমদানি ও পণ্য প্রেরণের কাজ বেসরকারি কনটেইনার ডিপো এবং বন্দরের মাধ্যমেই সম্পন্ন হয়। পোশাক রপ্তানিকারকেরা দীর্ঘমেয়াদে আগের নির্ধারিত ব্যয়ের ভিত্তিতে বিদেশি ক্রেতাদের কাছ থেকে ক্রয়াদেশ গ্রহণ করে থাকেন। এমন পরিস্থিতিতে হঠাৎ নোটিশ দিয়ে ডিপোর চার্জ কিংবা পরিবহন ব্যয় বাড়ানো হলে রপ্তানিকারকদের বড় ধরনের আর্থিক লোকসান গুনতে হয়। পুরো সরবরাহ ব্যবস্থায় জটিলতা এড়াতে সংশ্লিষ্ট সব পক্ষের সাথে আলোচনা করে সমন্বিত সিদ্ধান্ত নেওয়ার ওপর তিনি জোর দেন।