সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৭:৪৩ পিএম
অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বাংলাদেশের অর্থনীতির মূল লক্ষ্য হওয়া উচিত ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করা। রবিবার (২১ সেপ্টেম্বর, ২০২৫) রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় 'রোড টু মেড ইন বাংলাদেশ অ্যান্ড অ্যাগ্রো মেশিনারি ফেয়ার ২০২৫'-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা প্রশ্ন তোলেন, “আমরা ৪০০ বিলিয়ন ডলারের অর্থনীতির দেশ, তা সত্ত্বেও কেন আমরা উদ্বৃত্ত হতে পারছি না?” তিনি বলেন, সম্পদের পর্যাপ্ততা বিবেচনা না করে অতিরিক্ত ব্যয় করলে উদ্বৃত্ত তৈরি হবে না। তিনি জোর দেন যে, নিজস্ব সক্ষমতা বাড়িয়ে ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করে ভবিষ্যৎ অর্থনীতিকে শক্তিশালী করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
শেখ বশিরউদ্দীন আরও বলেন, শুধু নীতি সহায়তার (পলিসি সাপোর্ট) ওপর নির্ভর করে বেশি দূর যাওয়া সম্ভব নয়। তিনি উদাহরণ হিসেবে বলেন, গার্মেন্টস খাত ছাড়া অন্য কোনো শিল্প এই নীতি সহায়তা নিয়ে উল্লেখযোগ্য কিছু করতে পারেনি।
তিনি স্বাধীনতার আগের সময়ের সঙ্গে তুলনা করে বলেন, আগে এখানে বিশ্বের বিভিন্ন দেশের শিল্প গড়ে উঠেছিল, যা এখন নেই। স্বাধীনতার পর আমরা সেই সুযোগ কাজে লাগাতে পারিনি বলেও তিনি মন্তব্য করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন