রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাজ্য

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৯, ২০২৫, ০৯:২২ পিএম

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাজ্য

ছবি - সংগৃহীত

বাংলাদেশের রপ্তানি খাতের জন্য একটি বড় সুখবর দিয়েছে যুক্তরাজ্য। ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে ২০২৯ সাল পর্যন্ত সব পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা পাবে বাংলাদেশ।বৃহস্পতিবার (৯ অক্টোবর) সচিবালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে এক বৈঠকে এই ঘোষণা দেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন।

বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা বলেন, “২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হবে, যা আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রার এক নতুন অধ্যায়। এই পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাজ্যের এই সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”ব্রিটিশ বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন বলেন, “বাংলাদেশ যুক্তরাজ্যের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার।

এলডিসি থেকে উত্তরণের এই সময়েও বাংলাদেশ যেন তার রপ্তানি সক্ষমতা বজায় রাখতে পারে, সেই লক্ষ্যেই যুক্তরাজ্যের উন্নয়নশীল দেশগুলোর ট্রেডিং স্কিম (ডিসিটিএস) কর্মসূচির আওতায় এই সুবিধা ২০২৯ সাল পর্যন্ত বহাল রাখা হবে।” তিনি বাংলাদেশের অবকাঠামো, সবুজ জ্বালানি এবং প্রযুক্তিখাতে যুক্তরাজ্যের বিনিয়োগের আগ্রহের কথাও জানান।বৈঠকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ঘোষণাকে দেশের প্রধান রপ্তানি খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্পের জন্য একটি বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।