রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রীর বৈঠক

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৭, ২০২৫, ০৮:৩৮ পিএম

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রীর বৈঠক

বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেছেন সফররত পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার দপ্তরে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উভয় পক্ষই বাণিজ্যের বর্তমান পরিমাণ বৃদ্ধি এবং বিনিয়োগের জন্য নতুন নতুন সম্ভাবনাময় ক্ষেত্র চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, দুই দেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে। এখন আমাদের প্রয়োজন সেই অর্থনৈতিক সম্পর্ককে একই স্তরে উন্নীত করা।তিনি জানান, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। দেড় দশক ধরে অকার্যকর থাকা ‘বাংলাদেশ–পাকিস্তান জয়েন্ট ইকোনমিক কমিশন’ পুনরায় কার্যকর করা হয়েছে। এসময় তিনি দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান সীমাবদ্ধতাগুলো দূর করতে এবং বাণিজ্যিক সুবিধা বাড়ানোর ওপর জোর দেন।

পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে, যা এতদিন পুরোপুরি কাজে লাগানো হয়নি। তিনি বাণিজ্য সুবিধা বৃদ্ধির মাধ্যমে এই দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

বৈঠকে অন্যান্যদের মধ্যে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।