রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শিক্ষকদের পূর্ণ কর্মবিরতিতে বীরগঞ্জের দুই সরকারি বিদ্যালয়ে পরীক্ষা স্থগিত

সোহেল আহমেদ

ডিসেম্বর ১, ২০২৫, ০৬:৩৫ পিএম

শিক্ষকদের পূর্ণ কর্মবিরতিতে বীরগঞ্জের দুই সরকারি বিদ্যালয়ে পরীক্ষা স্থগিত

ছবি-দিনাজপুর টিভি

দেশব্যাপী শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এবং বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ সোমবার (১ ডিসেম্বর ২০২৫) থেকে পূর্ণ কর্মবিরতি শুরু হয়েছে।

শিক্ষকদের এই কর্মবিরতির কারণে বিদ্যালয়ের চলমান বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা স্থগিত করা হয়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে।

১. এন্ট্রি পদ নবম গ্রেড প্রদান করা, যা সমমানের অন্যান্য পেশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ২. টাইমস্কেল সিলেকশন গ্রেড পূর্ণবহাল ও বহু বছরের বকেয়া নিষ্পত্তি করা।

৩. পদোন্নতি ও পদায়ন নিয়মিত ও স্বচ্ছভাবে সম্পন্ন করা; বর্তমানে ৩০ বছরের চাকরির শেষেও অনেকে কোনো পদোন্নতি ছাড়াই অবসর নেন। ৪. বিএড ও এমএড ডিগ্রির জন্য ২/৩ ইনক্রিমেন্ট পূর্ণবহাল করা। ৫. আলাদা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাননীয় প্রধান উপদেষ্টার লিখিত সম্মতি থাকা সত্ত্বেও এখনো গেজেট না হওয়া।দশম শ্রেণির শিক্ষার্থী সাকিব হাসান বলেন, "পরীক্ষার জন্য অনেকদিন ধরে প্রস্তুতি নিয়েছি। হঠাৎ স্থগিত হওয়ায় মন খারাপ হয়েছে। আশা করি সমস্যার দ্রুত সমাধান হবে।

অভিভাবক ফরহাদ হোসেন বলেন, "শিক্ষকরা তাদের অধিকার নিয়ে দাবি জানাচ্ছেন, তবে আমাদের সন্তানদের পড়াশোনায় যেন কোনো ব্যাঘাত না ঘটে। আলোচনা করে যেন দ্রুত সমাধান হয়।"

বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আনোয়ার হোসেন বলেন, "আমরা শিক্ষা ব্যাহত করতে চাইনি। দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি জানিয়ে কোনো সাড়া পাইনি। তাই বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছি। দাবিগুলো বাস্তবায়ন হলেই আমরা শ্রেণিকক্ষে ফিরব।"প্রধানশিক্ষক আকতারা পারভিন বলেন, "শিক্ষকদের অনির্দিষ্ট কর্মবিরতির কারণে পরীক্ষা স্থগিত করতে হয়েছে। শিক্ষার্থীদের ক্ষতি কমানোর জন্য পরবর্তী নির্দেশনার অপেক্ষা করছি।"

বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার জুলফিকার আলী শাহ বলেন, "পরীক্ষা চলমান থাকা অবস্থায় বন্ধ হওয়া মানে ব্যাঘাত সৃষ্টি হওয়া। আমরা কর্মবিরতির বিষয়টি সম্পর্কে অবগত এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা চলছে। কর্মবিরতি দীর্ঘায়িত হলে বিকল্প একাডেমিক পরিকল্পনা গ্রহণ করা হবে। শিক্ষার্থীদের স্বার্থ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।"