রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৮, ২০২৬, ১০:৩০ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৯ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা পরীক্ষার যাবতীয় প্রস্তুতির বিষয়ে নিশ্চিত করেছেন।

ঢাকা শহরের মোট পাঁচটি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।

এবারের ‘ডি’ ইউনিটে মোট ৬১০টি আসনের বিপরীতে ২৫ হাজার ৮২৬ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন। পরিসংখ্যানে দেখা গেছে প্রতিটি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৪৩ জন পরীক্ষার্থী।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রতিযোগিতা এবং আসন সংখ্যা বিবেচনায় নিয়ে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কড়া ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে।শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট https://jnuadmission.com -এ প্রবেশ করে ইউজার আইডি দিয়ে লগইন করে নিজ নিজ কেন্দ্র ও আসনসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন। ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা জানিয়েছেন পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কেন্দ্রে মোবাইল ফোনসহ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া জবি ক্যাম্পাসসহ নির্ধারিত কেন্দ্রগুলোতে ভর্তি জালিয়াতি রুখতে বিশেষ নজরদারি টিম কাজ করবে।পরীক্ষার্থীদের সুবিধার্থে জানানো হয়েছে যে নির্দিষ্ট সময়ের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে পৌঁছাতে হবে। প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী ছাড়া অন্য কিছু বহন করা যাবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে ও সংলগ্ন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডের মাধ্যমে ভর্তি সংক্রান্ত সকল আপডেট নিয়মিত প্রদান করা হচ্ছে।