জানুয়ারি ২৩, ২০২৬, ১২:২২ পিএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার বা ভাইভার সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনাবলী জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ২৮ জানুয়ারি থেকে এই মৌখিক পরীক্ষা শুরু হয়ে চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
যে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অনলাইনে আবেদনের সময় জমা দেওয়া সকল কাগজপত্রের মূল কপি সাথে রাখতে হবে। যথাযথ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের অনলাইনে আবেদনের সময় আপলোড করা ছবি এবং আবেদনপত্রের কপি সাথে আনতে হবে। এছাড়া জাতীয় পরিচয়পত্র, লিখিত পরীক্ষার প্রবেশপত্র এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ আবশ্যিক হিসেবে গণ্য হবে।
বিশেষ কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে অতিরিক্ত কিছু সনদ প্রয়োজন হবে। যেমন মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট ও সম্পর্ক সনদ এবং শারীরিক প্রতিবন্ধী বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর বা জেলা প্রশাসকের সংশ্লিষ্ট সনদ জমা দিতে হবে।গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সকল প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি ন্যূনতম ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করে আগামী ২৭ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে।
কাগজপত্র জমার পর প্রার্থীদের অবশ্যই প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে যা মৌখিক পরীক্ষার দিন প্রদর্শন করা বাধ্যতামূলক। উল্লেখ্য যে গত বুধবার প্রকাশিত ফলাফলে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। মৌখিক পরীক্ষার সুনির্দিষ্ট সময় ও স্থান সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন