জানুয়ারি ২৬, ২০২৬, ০৮:৪৫ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) তাদের দায়িত্বগ্রহণের প্রথম চার মাসের অভাবনীয় সাফল্যের খতিয়ান তুলে ধরেছে। সোমবার (২৬ জানুয়ারি) ঐতিহাসিক মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত ‘ডাকসুর চার মাস: কার্যবিবরণী ও জবাবদিহিতা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত মোট ২২৫টি কাজের বিবরণ উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে ‘দায়িত্বগ্রহণের প্রথম চার মাসে ডাকসুর কার্যক্রমের বিবরণী’ এবং ‘প্রতিনিধি সম্মেলন ২০২৫’ শীর্ষক দুটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
সংবাদ সম্মেলনে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ চার মাসের পুঙ্খানুপুঙ্খ কার্যবিবরণী উপস্থাপন করেন। তিনি জানান, ১৪ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পর থেকে তারা নির্বাচনে দেওয়া নিজেদের ইশতেহারের পাশাপাশি নির্বাচিত সকল প্রতিনিধির ইশতেহার বাস্তবায়নে সচেষ্ট ছিলেন। ৩৩টি ভিন্ন খাতে এই কাজগুলো সম্পন্ন করা হয়েছে।
ডাকসু সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম প্রশাসনের অসহযোগিতা এবং বাজেট সংকটের কথা উল্লেখ করে বলেন, “প্রশাসন বিভিন্নভাবে অসহযোগিতা করলেও ডাকসু বসে থাকেনি। আমরা দেশ-বিদেশের অ্যালামনাই ও দাতাদের সাথে যোগাযোগ করে ব্যক্তিগত ও সাংগঠনিক দক্ষতায় আড়াই কোটি টাকা ব্যয়ে কেন্দ্রীয় মসজিদের সংস্কার এবং একটি আধুনিক অ্যাম্বুলেন্সসহ মেডিকেল সেন্টারের সংস্কার কাজ সম্পন্ন করেছি।
ডাকসুর ৪ মাসের উল্লেখযোগ্য সাফল্যসমূহ:
পরিবহন: ক্যাম্পাসে ১৯টি ইলেকট্রিক শাটল চালু এবং জরাজীর্ণ বাস পরিবর্তনের জন্য ২ কোটি টাকার বাজেট বরাদ্দ।
শিক্ষা ও দক্ষতা: ইন্টারন্যাশনাল জার্নালে ফ্রি অ্যাক্সেস, বাংলাদেশ স্কিল সামিট এবং পরীক্ষার হল বরাদ্দ প্রথা বাতিল।
স্বাস্থ্য ও নারী কল্যাণ: ছাত্রী হলে ও একাডেমিক এলাকায় বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ, মেডিকেল সেন্টারে ৫০% ছাড়ে চিকিৎসার চুক্তি এবং ব্রেস্ট ক্যান্সার সচেতনতা ক্যাম্প।
অবকাঠামো: চীনা রাষ্ট্রদূতের সাথে আলোচনার মাধ্যমে ১৫০০ ছাত্রীর নতুন হল নির্মাণ ত্বরান্বিতকরণ এবং ২৮০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প তদারকি।
আইনি সহায়তা: ১১৯ জন শিক্ষার্থীকে আইনি ও নিরাপত্তা সহায়তা প্রদান।
সংবাদ সম্মেলনে ডাকসুর নেতৃবৃন্দ অঙ্গীকার করেন যে, তারা কেবল কাজ করতেই আসেননি, বরং শিক্ষার্থীদের কাছে প্রতিটি মুহূর্তের জবাবদিহি করতেও বদ্ধপরিকর। প্রতিটি কাজের বিস্তারিত তথ্য এখন ডাকসুর অফিসিয়াল ওয়েবসাইট ও প্রকাশিত বুকলেটে পাওয়া যাবে। অনুষ্ঠানে ডাকসুর বিভিন্ন সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন