রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের পরিকল্পনা সরকারের

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৭, ২০২৬, ০৪:১৩ পিএম

শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের পরিকল্পনা সরকারের

দক্ষ মানব পুঁজি গড়ে তোলার লক্ষ্যে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগ করার পরিকল্পনা নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) সকালে রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত ‘শ্রেণিকক্ষে উদ্ভাবনী ধারা শক্তিশালীকরণ’ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এ তথ্য জানান।সেমিনারে শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে শিক্ষা খাতে বিনিয়োগ কখনোই জিডিপির দেড় শতাংশের বেশি হয়নি। 

বর্তমান সরকার এই চিত্র বদলে দিতে চায়। দক্ষ মানব সম্পদ তৈরির জন্য প্রাথমিক স্তর থেকেই শিক্ষার গুণগত মান নিশ্চিত করা প্রয়োজন। এ সময় তিনি আগের মেয়াদে ডিজিটাল ক্লাসরুম প্রকল্পের ব্যর্থতার সমালোচনা করে বলেন, সেখানে জবাবদিহি ও স্বচ্ছতার ব্যাপক অভাব ছিল।

সরকারের নতুন পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী সরকার এখন দেশজুড়ে ‍‍`ইন্টারেক্টিভ ডিজিটাল ক্লাসরুম‍‍` গড়ে তোলার কাজ শুরু করেছে। বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে শিক্ষার প্রতিটি স্তরে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, প্রাথমিক স্তর থেকে শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজিটাল ও কার্যকর ক্লাসরুম তৈরির জন্য সরকার একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। শহর ও গ্রামের শিক্ষাব্যবস্থার মধ্যে বিদ্যমান দূরত্ব কমিয়ে সবার জন্য সমান সুযোগ তৈরি করা জরুরি বলে তিনি উল্লেখ করেন।

মাহদী আমিন আরও জানান, বর্তমান শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন তৃতীয় একটি ভাষা অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে কাজ করছে সরকার। সবার জন্য বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে এই পদক্ষেপ সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেমিনারে শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও উন্নয়ন সহযোগীরা উপস্থিত ছিলেন।