বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের সংঘর্ষে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২২, ২০২৬, ০৬:০৮ পিএম

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের সংঘর্ষে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ

ছবি : সংগৃহীত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর জেরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন ক্ষুব্ধ ছাত্ররা। বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হওয়া এই ঘটনার জেরে ওই সড়কের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।শহীদ নুর হোসেন হলের শিক্ষার্থীরা এই সড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নেন।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দেড়টায় নুর হোসেন হলের ম্যানেজমেন্ট ২৩ ব্যাচের আল ফিমান নামের এক শিক্ষার্থীকে হাবিপ্রবির স্কুল মাঠে মারধর করে আবরার ফাহাদ হলের একদল ছাত্র। পূর্ব শত্রুতার জেরে তাকে এলোপাতাড়ি মারধর করা হলে ওই শিক্ষার্থীর মাথা ফেটে যায়। 

পরে এর জবাবে নুর হোসেন হলের শিক্ষার্থীরা টিএসসি এলাকা থেকে আবরার ফাহাদ হলের এক ছাত্রকে ধরে নিজেদের হলে নিয়ে যায়। এই খবর ছড়িয়ে পড়লে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে নুর হোসেন হলের ওপর হামলা চালানো হয়।আক্রমণকারীরা হেলমেট পরে সুজ্জিত অবস্থায় হলের জানালার কাঁচ, ক্যারাম বোর্ড ও মোটরসাইকেল ভাঙচুর করে।

এই মারামারির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্লান্ট প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. মবিনুল ইসলামসহ বেশ কয়েকজন সাধারণ শিক্ষার্থী আহত হয়েছেন। হলের ভেতরে ঢুকে ল্যাপটপ ও মোবাইল চুরিরও অভিযোগ করেছেন নুর হোসেন হলের আবাসিক ছাত্ররা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান জানান, যারা হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা কঠিন শাস্তি পাবে এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে প্রশাসন তদন্ত শুরু করেছে।