রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রাতে নতুন কর্মসূচির ঘোষণা এইচএসসি পরীক্ষার্থীদের

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৪, ২০২৬, ১১:১৫ পিএম

রাতে নতুন কর্মসূচির ঘোষণা এইচএসসি পরীক্ষার্থীদের

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন স্থগিত করে রাজপথ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা। তবে নিজেদের অবস্থানে অনড় থেকে রাতে নতুন কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন তারা।প্রায় ১০ ঘণ্টা রাজপথে অবস্থানের পর মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে এই ঘোষণা দেন আন্দোলনকারীরা।

ঘোষণার পর শিক্ষার্থীরা ওই এলাকা থেকে সরে গেলে মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সমাবেশ করে তিন দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে তারা জাতীয় সংসদ ভবনের দিকে যান এবং সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।

অবরোধ চলাকালে পুলিশের অনুরোধে সাড়া না দিলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও লাঠিচার্জের ঘটনা ঘটে, যাতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে আসাদগেটের আড়ং মোড় এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানেও পুলিশ ধাওয়া দিলে তারা আসাদগেট মোড়ে অবস্থান নেয়।

পরীক্ষার্থীদের দাবিগুলো হলো— দুর্যোগপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

রাত সাড়ে ৯টার দিকে একজন আন্দোলনকারী ঘোষণা করেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। তবে আজকের মতো কর্মসূচি এখানেই স্থগিত করা হলো। তিনি জানান, রাতে আলোচনার মাধ্যমে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে। হয়তো সংসদ ভবন নতুবা শিক্ষাভবন অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হতে পারে।