রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ফার্মের মুরগি‍‍` মন্তব্যের ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৮, ২০২৬, ০৭:৫৯ পিএম

ফার্মের মুরগি‍‍` মন্তব্যের ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

ছবি - সংগৃহীত

এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’র সঙ্গে তুলনা করে করা একটি মন্তব্য নিয়ে দেশজুড়ে সমালোচনা ও শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রথমবারের মতো মুখ খুলেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে তিনি দাবি করেন, তার বক্তব্যের একটি অংশ বিচ্ছিন্ন করে নেতিবাচক প্রচার চালানো হয়েছে।তিনি জানান, তার নিজের মেয়ের বৃষ্টির পানি সহ্য করতে না পারার শারীরিক অবস্থার সঙ্গে শিক্ষার্থীদের বৃষ্টির মধ্যে পরীক্ষা দেওয়ার উদ্বেগের তুলনা করতে গিয়ে তিনি ওই মন্তব্য করেছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, তার মেয়ে তানজিলার মাথায় সামান্য বৃষ্টির পানি পড়লেই জ্বর আসে, তাই তিনি শিক্ষার্থীদের নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। কিন্তু এই উদ্বেগের কথাটিকে একটি গোষ্ঠী ভুলভাবে উপস্থাপন করে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। তবে এসব সমালোচনা বা ট্রল সরকারের দায়িত্ব পালনে বাধা হতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।

পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র ফাঁস এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল নিয়েও কথা বলেছেন তিনি। ভূগোল দ্বিতীয়পত্র পরীক্ষার উদাহরণ টেনে তিনি বলেন, পরীক্ষা শেষ হওয়ার পর প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানো হয়েছে, যা ভিত্তিহীন। তিনি দাবি করেন, রাজধানীর নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল না, বরং কিছু মানুষ অরাজকতা তৈরির জন্য শিক্ষার্থীদের বিভ্রান্ত করেছে।

শিক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, ট্রল বা অপবাদ সরকারের দায়িত্ব পালনে বাধা হতে পারবে না। তিনি জাতির সুশিক্ষার দায়িত্ব পালন অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।