আগস্ট ৩, ২০২৬, ০৩:২৩ পিএম
পরীক্ষায় অসাধুপায় অবলম্বন এবং উত্তরপত্র টেম্পারিং বা কারচুপির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় ঐতিহ্যবাহী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী শাখার ৩০ জন শিক্ষার্থীকে একসঙ্গে বহিষ্কার করা হয়েছে। সোমবার মাদরাসা কর্তৃপক্ষের প্রকাশিত এক বিশেষ নোটিশে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়। মাদরাসার পরীক্ষা-সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোহাম্মদ সালমান এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের সুনাম, শিক্ষার মান ও পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা অক্ষুণ্ণ রাখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।সম্প্রতি অনুষ্ঠিত শিশু শ্রেণি থেকে নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা, দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষা এবং আলিম প্রথম বর্ষের সমাপনী পরীক্ষায় অংশ নেওয়া কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে উত্তরপত্রে কারচুপির অভিযোগ ওঠে।
পরবর্তীতে উত্তরপত্র পুনরমূল্যায়ন ও অভ্যন্তরীণ তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাদের বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়।বহিষ্কৃত শিক্ষার্থীদের শ্রেণিভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, এর মধ্যে সবচেয়ে বেশি ১২ জনই আলিম প্রথম বর্ষের।এছাড়া সপ্তম শ্রেণির আটজন, অষ্টম শ্রেণির তিনজন, নবম শ্রেণির দুজন, দশম শ্রেণির তিনজন এবং ষষ্ঠ শ্রেণির দুজন শিক্ষার্থী এই শাস্তির আওতায় এসেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের নজরদারি ও কড়াকড়ি অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন