রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বেরোবিতে ছাত্রদলের কর্মসূচি ঘিরে উত্তেজনা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৪, ২০২৬, ০৬:৩৫ পিএম

বেরোবিতে ছাত্রদলের কর্মসূচি ঘিরে উত্তেজনা

ছবি : সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় শাখা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীদের এই কর্মসূচি ঘিরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা ও চরম উদ্বেগ দেখা দিয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রংপুর মেট্রোপলিটন পুলিশ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।

এর আগে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়টিতে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছিল, যাতে পাঁচজন আহত হন।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অতিথি, দর্শনার্থী ও বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। একই সঙ্গে ক্যাম্পাসে সব ধরনের যান চলাচলও বন্ধ রাখা হয়েছে। প্রক্টর ড. ফেরদৌস রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়। 

সংঘর্ষের ঘটনার পর বিশ্ববিদ্যালয় উপাচার্য দুই ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ইয়ামিন বলেন, চাত্ত্বিকভাবে যেকোনো অন্যায়ের প্রতিবাদ জানানো হবে। অন্যদিকে, তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান যে পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে ও শান্ত রয়েছে।