বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বেরোবিতে আড়াই বছর ধরে প্রো-ভিসি পদ শূন্য

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১, ২০২৬, ১১:০১ এএম

বেরোবিতে আড়াই বছর ধরে প্রো-ভিসি পদ শূন্য

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

গত দুই বছরের বেশি সময় ধরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য বা প্রো-ভাইস চ্যান্সেলর পদটি শূন্য রয়েছে। ২০২৪ সালের মার্চে বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনার চার বছরের মেয়াদ শেষ হওয়ার পর থেকে পদটিতে নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি। দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই পদে নিয়োগ দেওয়া হলেও আবু সাঈদের এই বিশ্ববিদ্যালয়টি এখনো গুরুত্বপূর্ণ এই পদ থেকে বঞ্চিত।

শুধু উপ-উপাচার্য নয়, দীর্ঘ সময় ট্রেজারার পদ শূন্য থাকার পর নতুন কর্মকর্তা নিয়োগ পেলেও তিনি এখনো দায়িত্ব গ্রহণ করতে পারেননি। ফলে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসনিক কাঠামোর গুরুত্বপূর্ণ দুটি পদ নিয়েই নানামুখী অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২০ সালের মার্চ থেকে চার বছর দায়িত্ব পালন করেছিলেন প্রথম উপ-উপাচার্য। এরপর থেকে প্রায় আড়াই বছর ধরে পদটি শূন্য রয়েছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, আচার্য প্রয়োজনবোধে নির্ধারিত শর্তে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের কোনো অধ্যাপককে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দিতে পারেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা জানিয়েছেন, উপাচার্যের অনুপস্থিতিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং একাডেমিক তদারকিতে এ পদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন পদটি শূন্য থাকায় সব দায়িত্বের চাপ এখন উপাচার্য ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের ওপর পড়ছে।

এদিকে প্রায় দুই বছর ট্রেজারার পদ শূন্য থাকার পর গত জুলাই মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকারকে ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে নিয়োগের এক মাস পেরিয়ে গেলেও তিনি এখনো বিশ্ববিদ্যালয়ে যোগদান করেননি। সর্বশেষ ট্রেজারার পদত্যাগের পর থেকে পদটি ফাঁকা ছিল।

নতুন ট্রেজারার ড. আবু হানিফ সরকার জানিয়েছেন যে তিনি যোগদানের জন্য প্রস্তুত থাকলেও বিভিন্ন কারণে তা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেছেন, এই নিয়োগগুলো বিশ্ববিদ্যালয়ের আচার্যের মাধ্যমে হয়ে থাকে। দ্রুত এসব পদে স্থবিরতা কাটবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।