রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,

বেরোবিতে এইচএসসি সনদে চাকরি পাওয়ার অভিযোগ, স্থায়ীকরণের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৫, ২০২৬, ০৬:৪১ পিএম

বেরোবিতে এইচএসসি সনদে চাকরি পাওয়ার অভিযোগ, স্থায়ীকরণের উদ্যোগ

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) স্নাতক পাসের শর্ত থাকলেও উচ্চমাধ্যমিক সনদে কম্পিউটার অপারেটর পদে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে। নিয়োগের সময় প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকলেও প্রায় চৌদ্দ বছর ধরে তিনি এই পদে চাকরি করছেন।আগামী রোববার অনুষ্ঠিত হতে যাওয়া কনফার্মেশন বোর্ডে তাঁর চাকরি স্থায়ী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১২ সালের ডিসেম্বরে কম্পিউটার অপারেটর পদে যোগ দেন সোহান মিয়া। ওই পদের নিয়োগ বিজ্ঞপ্তিতে স্নাতক পাস চাওয়া হলেও যোগদানের সময় তিনি ছিলেন উচ্চমাধ্যমিক পাস। পরবর্তী সময়ে ২০১৬ সালে তিনি ডিগ্রি পাস করেন বলে সংশ্লিষ্ট নথিতে দেখা গেছে। এই নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন উঠলেও তা তদন্ত না করে উল্টো তাঁকে পদোন্নতি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এদিকে ইউজিসির পক্ষ থেকে গত জুনে পাঠানো এক চিঠিতে জানানো হয়, নিয়মবহির্ভূতভাবে দেওয়া আপগ্রেডেশনের জন্য কোনো বাজেট বরাদ্দ নেই। এসব আপগ্রেডেশন বাতিল করে অতিরিক্ত অর্থ আদায় করার নির্দেশও দিয়েছিল কমিশন। এর মধ্যেই অভিযুক্ত কর্মচারীর চাকরি স্থায়ীকরণের উদ্যোগ নতুন করে প্রশ্ন তুলেছে।তদন্ত বা অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চাইলে কনফার্মেশন বোর্ডের সদস্য অধ্যাপক তাজুল ইসলাম এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। 

অভিযুক্ত কর্মচারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মন্তব্য পাওয়া যায়নি।উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী জানিয়েছেন, আবেদন যে কেউ করতে পারে কিন্তু ফাইল আসার পর তা যাচাই করে দেখা হবে। এর আগে বিশ্ববিদ্যালয়টিতে সনদ ও অভিজ্ঞতার জালিয়াতির অভিযোগে সাবেক উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা চলমান রয়েছে।