সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

কোটা বিরোধী আন্দোলনে উত্তাল রাবি, শিক্ষকদের কর্মবিরতি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২৫, ১১:১৮ পিএম

কোটা বিরোধী আন্দোলনে উত্তাল রাবি, শিক্ষকদের কর্মবিরতি

ছবি - সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কোটা পুনর্বহাল প্রজ্ঞাপন বাতিল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। আন্দোলনকারীরা এক দিকে উপ-উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছে, অন্যদিকে শিক্ষকরাও কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর, ২০২৫) রাত থেকে রাবি ক্যাম্পাসের শহীদ জোহা চত্বরে সংস্কৃত ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আশাদুল ইসলাম কাফনের কাপড় পরে আমরণ অনশন শুরু করেন। তার সাথে সংহতি জানিয়ে সাবেক ছাত্রনেতাসহ অন্যান্য শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দেন। শনিবার দুপুরে তিন জন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীরা উপ-উপাচার্য অধ্যাপক ড. মাঈন উদ্দীনকে তার বাসভবনে প্রবেশে বাধা দিয়ে অবরুদ্ধ করে রাখে। এ সময় তার গাড়ি আটকে দেওয়া হয় এবং তার সঙ্গে থাকা শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়। শিক্ষার্থীরা উপ-উপাচার্যকে মুক্ত করতে গেলে প্রক্টর এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে অবরুদ্ধ করে আন্দোলন চালিয়ে যায়। রাত ১০:৩০ পর্যন্ত এই অবরোধ চলছিল।

শিক্ষকরা শিক্ষার্থীদের এই কর্মকাণ্ডের প্রতিবাদে কঠোর নিন্দা জানিয়েছেন। তারা উপ-উপাচার্যসহ শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগ এনেছেন এবং এর প্রতিবাদে আগামীকাল (২১ সেপ্টেম্বর) পূর্ণদিবস কর্মবিরতি ঘোষণা করেছেন। শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয়, তবে ২২ সেপ্টেম্বর থেকে লাগাতার কর্মবিরতি চলবে।

এদিকে, শিক্ষকদের কর্মবিরতির ঘোষণার পর শিক্ষার্থীদের আন্দোলন আরও তীব্র রূপ ধারণ করে। বিভিন্ন হল থেকে ছাত্রছাত্রীরা প্যারিস রোডে জড়ো হতে শুরু করে। আন্দোলনে ছাত্রদল, ছাত্রশিবির, বামপন্থী সংগঠনসহ বিভিন্ন ছাত্র সংগঠন একাত্মতা ঘোষণা করেছে। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তারা কোনো অযৌক্তিক কোটা মেনে নেবেন না এবং অবিলম্বে কোটা পুনর্বহালের প্রজ্ঞাপন বাতিল করতে হবে।