বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

সাত কলেজকে বিশ্ববিদ্যালয় করার আগে ভাবার পরামর্শ দিলেন নুরুল হক নুর

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৫, ১১:১৪ পিএম

সাত কলেজকে বিশ্ববিদ্যালয় করার আগে ভাবার পরামর্শ দিলেন নুরুল হক নুর

ছবি - সংগৃহীত

রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের দাবিতে শিক্ষার্থীরা যখন রাজপথে আন্দোলন করছেন, ঠিক তখনই এই উদ্যোগের সম্ভাব্য নেতিবাচক দিকগুলো নিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই পরামর্শ দেন।নুরুল হক নুর তার পোস্টে লেখেন, “ঢাকার ঐতিহ্যবাহী সাত কলেজের একটা নিজস্বতা আছে। নিজে কিছু করার তাগিদ থেকে বা পরিবারকে সাপোর্ট দিতে ঢাকায় থেকে চাকরি বা ছোটখাটো কিছু করার পাশাপাশি উচ্চশিক্ষার নিমিত্তে অনেকেই সাত কলেজে ভর্তি হয়। বিশ্ববিদ্যালয় হলে তাদের জন্য আর সেই সুযোগটি থাকবে না।”

তিনি আরও বলেন, “তাছাড়া সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় হলে বর্তমানে যেভাবে ভর্তির সুযোগ ও প্রক্রিয়া, সেটিও থাকবে না। অনেকেই তখন আর এখনকার মতো ভর্তি হওয়ার সুযোগ পাবে না। সুতরাং শিক্ষার্থীসহ সবাইকে সবকিছু বিশ্লেষণ করে সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বান জানাই।”

উল্লেখ্য, আজ সকালেই ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে হাজার হাজার শিক্ষার্থী ‘শিক্ষা ভবন’ অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করে। তাদের দাবির পরিপ্রেক্ষিতেই নুরুল হক নুরের এই ভিন্নধর্মী ও  (সতর্কতামূলক) পর্যবেক্ষণটি এলো।এর আগে ২০১৭ সালে ঢাকার এই সাতটি কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হলে নানা সংকট তৈরি হয়। সেই সংকট নিরসনের লক্ষ্যেই নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার।