অক্টোবর ২৪, ২০২৫, ১১:২৮ পিএম
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধিভুক্ত মাদরাসাগুলোর ফাজিল স্নাতক (পাস) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের-২০২৪ সালের পরীক্ষা শনিবার (২৫ অক্টোবর) থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে। এবারের পরীক্ষায় সারা দেশের প্রায় ১ লাখ ১৭ হাজার ৬২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২৫ অক্টোবর থেকে শুরু হওয়া এই পরীক্ষা একটানা চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত।
নির্ধারিত সূচি অনুযায়ী, প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিটে পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে বিকেল ৪টা ৩০ মিনিটে। সারা দেশের মোট ৩৩০টি নির্ধারিত কেন্দ্রে ফাজিল পরীক্ষার্থীরা অংশ নেবেন। এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। পরীক্ষার পরিবেশ নির্বিঘ্ন রাখতে এবং যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী গণমাধ্যমকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, পরীক্ষার সুষ্ঠু ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে সারা দেশের সব পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র নিরাপত্তা, বিশেষ তদারকি টিম ও শক্তিশালী মনিটরিং ব্যবস্থাসহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো ধরনের গাফিলতি যেন না হয়, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে।
এদিকে, পরীক্ষার প্রথম দিনেই ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম সশরীরে কেন্দ্র পরিদর্শনে বের হবেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তিনি রাজধানীর বকশীবাজারে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি মাদরাসা-ই-আলিয়াসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন। ভাইস চ্যান্সেলর কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ, পরীক্ষার্থীদের উপস্থিতি এবং পরীক্ষা পরিচালনার সামগ্রিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করবেন ও দায়িত্বরতদের সঙ্গে কথা বলবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন