রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মিশা সওদাগরের জন্মদিনে বিশেষ ‘তারকা কথন’

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৩, ২০২৬, ০৯:৪২ পিএম

মিশা সওদাগরের জন্মদিনে বিশেষ ‘তারকা কথন’

বাংলা চলচ্চিত্রের অন্যতম শক্তিমান ও সফল অভিনেতা মিশা সওদাগরের জন্মদিন আজ। আটশ’রও বেশি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শক হৃদয়ে এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন তিনি। বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বে থাকা এই দাপুটে অভিনেতার জন্মদিন উপলক্ষে চ্যানেল আই আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘তারকা কথন’।

১৯৬৬ সালের ৪ জানুয়ারি পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন মিশা সওদাগর। ১৯৮৬ সালে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে বড় পর্দায় পা রাখা এই তারকার অভিষেক ঘটেছিল নায়ক হিসেবে।

তবে খলনায়ক হিসেবেই তিনি অর্জন করেছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। বিশেষ এই আয়োজনে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানাবেন বাচসাসের সাবেক সভাপতি আবদুর রহমান।

অনুষ্ঠানে তাঁর দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারের সোনালি স্মৃতি, নানা চড়াই-উতরাই ও অজানা গল্প তুলে ধরা হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন প্রখ্যাত নির্মাতা ছটকু আহমেদ, চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং বাচসাসের সাধারণ সম্পাদক রাহাত সাইফুল।

উল্লেখ্য, শাকিব খান–অপু বিশ্বাস জুটির অধিকাংশ জনপ্রিয় সিনেমায় মিশা সওদাগরকে দেখা গেছে গুরুত্বপূর্ণ খল চরিত্রে। সাম্প্রতিক সময়েও এই বৈচিত্র্যময় অভিনেতার অভিনয় নৈপুণ্য দর্শকদের মুগ্ধ করে চলেছে। প্রিয় অভিনেতার জন্মদিনে চলচ্চিত্র অঙ্গন ও ভক্তদের পক্ষ থেকে জানানো হচ্ছে নিরন্তর শুভেচ্ছা।