মার্চ ৩১, ২০২৬, ১০:৩০ পিএম
ছোট পর্দার পরিচিত মুখ এবং এক সময়ের জনপ্রিয় শিশুশিল্পী সিমরিন লুবাবা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শোবিজের ঝলমলে জগত থেকে নিজেকে বেশ আগেই সরিয়ে নেওয়া এই তারকা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিয়ের খবরটি নিশ্চিত করেন। জীবনের নতুন এই অধ্যায় শুরুর কথা জানিয়ে লুবাবা তার ভক্ত ও অনুসারীদের কাছে দোয়া চেয়েছেন।
নিজের ব্যক্তিগত ফেসবুক হ্যান্ডেলে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে বিয়ের বিষয়টি সবার সামনে আনেন তিনি। সেখানে তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উল্লেখ করেন যে, এটি দুটি আত্মা এবং এক কিবলার মিলন।
দুনিয়া ও আখেরাতের কল্যাণের লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। লুবাবার ভাষায়, মহান আল্লাহ তাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই তার শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসিয়ে দিচ্ছেন।
তবে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিলেও নিজের জীবনসঙ্গীর পরিচয় এখনও গোপন রেখেছেন তিনি। প্রকাশিত ছবিতে বর ও কনের মুখ স্পষ্ট দেখা না যাওয়ায় নেটিজেনদের মধ্যে বেশ কৌতূহল তৈরি হয়েছে। পাত্রের পরিচয় জানার জন্য অনেকেই কমেন্ট বক্সে আগ্রহ প্রকাশ করেছেন। শোবিজ থেকে দীর্ঘ বিরতিতে থাকা লুবাবা এখন পর্দার পেছনের সাধারণ জীবনকেই বেশি প্রাধান্য দিচ্ছেন।
লুবাবার জীবনযাত্রায় পরিবর্তনের আভাস অবশ্য অনেকদিন ধরেই পাওয়া যাচ্ছিল। নিজেকে গ্ল্যামার জগত থেকে গুটিয়ে নিয়ে তিনি নিয়মিত ধর্মীয় অনুশাসনের দিকে মনোযোগী হন। সেই ধারাবাহিকতায় এবার বিয়ের মাধ্যমে জীবনের স্থায়িত্ব ও মানসিক প্রশান্তি খুঁজছেন তিনি। ভক্তদের অনেকেই তার এই সাহসী পদক্ষেপ ও আমূল পরিবর্তনের ভূয়সী প্রশংসা করছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, জীবনের নতুন এই যাত্রায় তিনি এখন পরিবারের সাথে ঘরোয়া পরিবেশেই সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন