এপ্রিল ১৮, ২০২৬, ০৪:২৩ পিএম
পর্দার হিরো বাস্তব জীবনে এখন আইনি মারপ্যাঁচে পড়েছেন। দক্ষিণ ভারতের জনপ্রিয় মেগাস্টার এবং রাজনৈতিক দল `তামিলাগা ভেটরি কাজাগম` (টিভিকে)-এর প্রধান থালাপতি বিজয় এখন পুলিশের কাঠগড়ায়। বিধানসভা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে চেন্নাই পুলিশের দায়ের করা একাধিক মামলা এই তারকার রাজনৈতিক ক্যারিয়ারে নতুন এক চ্যালেঞ্জ তৈরি করেছে।
সম্প্রতি তার অভিনীত একটি সিনেমার হাই ডেফিনিশন (এইচডি) প্রিন্ট অনলাইনে ফাঁস হওয়ার পর এবার তিনি খোদ রাষ্ট্রীয় আইনি বেড়াজালে আটকা পড়লেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা গেছে, থালাপতি বিজয়ের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ এনেছে চেন্নাই পুলিশ। পুলিশের দাবি, নির্ধারিত নিয়ম ভেঙে শহরের অত্যন্ত ব্যস্ত এলাকায় বিশাল রোড শো বা শোভাযাত্রা করেছেন তিনি।
তাকে কেবল একটি নির্দিষ্ট স্থানে দলীয় কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হলেও তিনি সেই সীমানা অতিক্রম করে টি নগর, থাউজ্যান্ড লাইটস এবং এগমোর এলাকাজুড়ে বিশাল বহর নিয়ে প্রদক্ষিণ করেন। এ সময় হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে আসায় শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং জনজীবন স্থবির হয়ে পড়ে।নির্বাচন কমিশনের একটি বিশেষ ফ্লাইং স্কোয়াডের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছে। ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারায় মামলাটি করা হয়েছে, যেখানে সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে।
চেন্নাইয়ের একাধিক থানা যেমন পশ্চিম মাম্বালাম, নুঙ্গামবাক্কাম এবং ভেপেরিতেও বিজয়ের বিরুদ্ধে একই ধরনের মামলা নথিভুক্ত করা হয়েছে। এসব মামলায় বিজয়ের পাশাপাশি তার দল টিভিকে-র বেশ কয়েকজন শীর্ষ নেতার নামও উল্লেখ করা হয়েছে। তবে এখন পর্যন্ত বিজয় কিংবা তার দলের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ু বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই নির্বাচনের ঠিক আগে থালাপতি বিজয়ের বিরুদ্ধে এমন আইনি পদক্ষেপ তার সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগম এবারই প্রথম বড় কোনো নির্বাচনী লড়াইয়ে অংশ নিতে যাচ্ছে। এমন স্পর্শকাতর সময়ে পুলিশের এই মামলা ভোটের রাজনীতিতে তার দলের জনসমর্থনে কোনো নেতিবাচক প্রভাব ফেলে কি না, এখন সেটিই দেখার বিষয়। চেন্নাইয়ের সাধারণ মানুষ এবং বিজয় ভক্তদের নজর এখন আদালতের পরবর্তী পদক্ষেপের দিকে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন