মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,

জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

নভেম্বর ১০, ২০২৬, ০৯:৫৭ পিএম

জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

তুরস্কের আন্তালিয়ায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়।

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার এই শীর্ষ সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে তিনি তুরস্কে পৌঁছান।

প্রধানমন্ত্রী, তার স্ত্রী এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি মঙ্গলবার বিকাল ৪টা ৩ মিনিটে তুরস্কের আন্তালিয়ায় অবতরণ করে। এর আগে আজ সকাল সাড়ে সাতটায় আন্তালিয়ার উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছিলেন প্রধানমন্ত্রী। তুরস্কের ইস্তাম্বুলে দুই ঘণ্টার যাত্রা বিরতি শেষে টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে আন্তালিয়ায় পৌঁছান তিনি।

আন্তালিয়ার বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দরটিতে তাকে স্বাগত জানান তুরস্ক প্রজাতন্ত্রের সংস্কৃতি ও পর্যটন বিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম। এ সময় বিমানবন্দরে বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। এ সময় তার সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। এছাড়া সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সফরসূচি অনুযায়ী, আগামীকাল বুধবার বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই আন্তর্জাতিক মঞ্চে তিনি দেশের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।

সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক রয়েছে। সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তিন দিনের সফর শেষ করে নির্ধারিত সময়ে দেশের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।