বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

আগুন ধরে গিয়েছিল, অল্পের জন্য প্রাণে বাঁচলেন জায়েদ খান

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১২, ২০২৬, ০৭:১৯ পিএম

আগুন ধরে গিয়েছিল, অল্পের জন্য প্রাণে বাঁচলেন জায়েদ খান

যুক্তরাষ্ট্রে দুর্ঘটনার কবলে জায়েদ খান

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে আগুনের কবলে পড়েছেন চিত্রনায়ক জায়েদ খান। অল্পের জন্য বড় কোনো ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন তিনি। সংবাদমাধ্যমকে খবরটি জায়েদ খান নিজেই নিশ্চিত করেছেন।ওকলাহোমায় স্থানীয় বাঙালি কমিউনিটির একটি আয়োজনে পারফর্ম করার সময় এই ঘটনা ঘটে। জায়েদ খান জানান, মোটরসাইকেল নিয়ে মঞ্চে প্রবেশের সময় সেখানে রাখা ফায়ার ওয়ার্কসের আগুন ছিটকে তাঁর শরীরে এসে লাগে। দ্রুত দায়িত্বরতরা তাঁকে রেসকিউ করেন।

ঘটনার বর্ণনা দিয়ে জায়েদ খান বলেন, ‘যখন মোটরসাইকেল নিয়ে এন্ট্রি করছিলাম, তখন সামনে ও পেছনে ফায়ার ওয়াক্সে আগুন জ্বলছিল। মঞ্চের ভেতর ঢোকার মুহূর্তেই আগুন ছিটকে এসে গায়ে লাগে। সেখানে থাকা কর্মীরা দ্রুত আমাকে সরিয়ে নেন, না হলে বড় ধরনের ক্ষতি হতে পারত।’

শরীরে আগুন লাগার পরও ওই অবস্থাতেই পারফরম্যান্স শেষ করেছেন এই চিত্রনায়ক। জায়েদ খান জানান, পারফর্ম করার কারণে অবস্থা কিছুটা খারাপ হয়েছিল। পরে অনুষ্ঠান শেষে চিকিৎসকের পরামর্শ নিয়েছেন এবং শরীরে ব্যান্ডেজ করা হয়েছে।

বর্তমানে তিনি বিশ্রামে আছেন বলে জানিয়েছেন। ওকলাহোমায় প্রবাসী বাঙালিদের এই অনুষ্ঠানে যোগ দিতে বেশ কিছুদিন আগেই ঢাকা ত্যাগ করেন তিনি। দুর্ঘটনার পর আয়োজক ও স্থানীয় প্রবাসীরা তাঁর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। জায়েদ খান বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন এবং ব্যান্ডেজ নিয়ে বিশ্রাম নিচ্ছেন।