জুন ২৩, ২০২৬, ১০:৪২ পিএম
দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের জন্মদিনে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের রহস্যজনক নীরবতা নিয়ে যখন সামাজিক মাধ্যমে দূরত্ব ও বিচ্ছেদের গুঞ্জন তুঙ্গে, ঠিক তখনই সব জল্পনায় জল ঢেলে দিলেন তৃষা নিজেই। বিজয়কে আনফলো করা এবং শুভেচ্ছা না জানানো নিয়ে ভক্তদের মনে তৈরি হওয়া তীব্র উৎকণ্ঠার অবসান ঘটিয়ে গভীর রাতে ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন এই অভিনেত্রী।
নতুন ছবিতে বেশ কয়েকটি জন্মদিনের কেকের সামনে হাস্যোজ্জ্বল বিজয়ের পাশে আদুরে দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা গেছে তৃষাকে।এই পোস্টটি মুহূর্তের মধ্যেই ইন্টারনেটে ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়।ক্যাপশনে তৃষা লিখেছেন, যার জন্য সবকিছুই সার্থক মনে হয়, তাকে জানাই শুভ জন্মদিন।
এর আগে গত ২২ জুন বিজয়ের ৫২তম জন্মদিনের পুরোটা সময় তৃষার পক্ষ থেকে কোনো বার্তা না আসায় নেটিজেনদের একাংশ দাবি করেছিল যে তাঁদের সম্পর্কে ফাটল ধরেছে। তবে মাঝরাতের এই একটি পোস্টের মাধ্যমে তৃষা বুঝিয়ে দিলেন, তাঁদের বিশেষ সম্পর্কের রসায়ন এখনো আগের মতোই অটুট রয়েছে। বিগত বছরগুলোতেও বিজয়ের জন্মদিনে তৃষার বিশেষ পোস্ট করার একটি চেনা ট্রেন্ড ছিল, যা এবারও বজায় থাকল।
গিল্লি, থিরুপাচি এবং সর্বশেষ লিও’র মতো ব্লকবাস্টার সিনেমায় একসঙ্গে অভিনয় করা এই জুটিকে তামিল সিনেমার অন্যতম সেরা অনস্ক্রিন জুটি হিসেবে বিবেচনা করা হয়। পর্দার বাইরেও তাঁদের গভীর বন্ধুত্ব ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গত কয়েক মাস ধরে সিনেমা পাড়ায় নানা গুঞ্জন চলছে, বিশেষ করে সম্প্রতি বিজয়ের বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু হওয়ার পর এই চর্চা আরও তীব্র রূপ নেয়। সব ধরনের আলোচনা-সমালোচনাকে একপাশে রেখে তৃষার এই মধ্যরাতের শুভেচ্ছাবার্তা আবারও দুই তারকার চমৎকার রসায়নকে সামনে এনেছে।
তথ্যসূত্র: এনডিটিভি

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন