জুলাই ৮, ২০২৬, ১০:১৯ পিএম
বিশ্বকাপে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর দেশের বিভিন্ন স্থানের মতো রাজধানীর টিএসসিতেও উৎসবে মেতে ওঠেন সমর্থকেরা। সেই আনন্দ মিছিলে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেতা মিশা সওদাগরের স্ত্রী জোবায়দা রব্বানী মিতা। দীর্ঘদিনের ব্রাজিল সমর্থক স্বামীকে নিয়ে মজার ছলে মন্তব্য করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন।
আর্জেন্টিনা-মিসরের রুদ্ধশ্বাস ম্যাচটি রাজধানীর উত্তরার নিজ বাসায় দেখেন জোবায়দা রব্বানী মিতা। ম্যাচ শেষ হওয়ার পর আনন্দ ভাগ করে নিতে সরাসরি টিএসসিতে চলে যান তিনি। ঘটনার বর্ণনা দিয়ে মিতা বলেন, আমি বাসায় খেলা দেখেছি। আর্জেন্টিনা জেতার পর সিদ্ধান্ত নিলাম টিএসসিতে চলে আসব। আপনাদের মিশা ভাই দেখি চুপ, সে ব্রাজিল সমর্থক।
ম্যাচের সময় নিজের উদ্বেগের কথা জানিয়ে তিনি বলেন, দুই গোল হজম করার পর মনে হয়েছিল আর্জেন্টিনার পথচলাই শেষ। সে সময় তিনি প্রিয় দলের জন্য প্রার্থনা করছিলেন। তবে শেষ পর্যন্ত টানা তিন গোল করে আর্জেন্টিনা ম্যাচে ফিরতেই তার অনুভূতি বদলে যায়। জোবায়দা রব্বানী মিতা বলেন, অবিশ্বাস্য! বড় টিম এবং মেসি আবার প্রমাণ করল, মেসি মেসিই। ইনশাআল্লাহ আর্জেন্টিনা বিশ্বকাপ আবার জিতবে।
স্বামী-স্ত্রীর ফুটবল সমর্থন দুই মেরুর। ব্রাজিল সমর্থক মিশা সওদাগরের সঙ্গে ফুটবল নিয়ে মজার খুনসুটি তাদের প্রায়ই হয়। আগের ম্যাচে আর্জেন্টিনা পিছিয়ে পড়ার সময় মিশা সওদাগর তাকে খোঁচা দিলেও, জয়ের পর পাল্টা জবাব দিতে ভোলেননি মিতা। তিনি বলেন, সে বলছিল তারা সেভেন আপ গ্রুপ। আমরা দেখিয়ে দিয়েছি আমরা পারি।
আর্জেন্টিনার প্রতি মিতার সমর্থন নতুন নয়। ম্যারাডোনার সময় থেকেই তিনি আর্জেন্টিনার ভক্ত। ব্রাজিল সমর্থক স্বামী মিশা সওদাগরকে উদ্দেশ করে হাস্যরসের সুরে জোবায়দা রব্বানী মিতা বলেন, এখনো সময় আছে, ব্রাজিল ছাড়ো, দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় আসো।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন