বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির

বিনোদন ডেস্ক

জুলাই ১১, ২০২৬, ১২:১১ পিএম

যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির

২০২১ সালের ৪ আগস্ট বনানীর বাসায় র‍্যাবের পরিচালিত অভিযানকে ‘সাজানো নাটক’ বলে অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলামের একটি অনলাইন টকশোতে দেওয়া বক্তব্যের সূত্র ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ পোস্টে এই দাবি করেন তিনি।

পরীমনির অভিযোগ, তৎকালীন র‍্যাব প্রধান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নির্দেশে তাকে অন্যায়ভাবে ও বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি দাবি করেন, বিশেষ মহলের স্বার্থসংশ্লিষ্ট কারণে এই অভিযান পরিচালনা করা হয়েছিল। সেই ঘটনার প্রেক্ষিতে তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয় এবং টানা ২০ দিন কারাগারে কাটাতে হয়েছিল বলে জানান তিনি।

পোস্টে অভিনেত্রী আরও উল্লেখ করেন, গ্রেপ্তার হওয়ার পর থেকে আজ পর্যন্ত তিনি সেই ঘটনার একজন ভুক্তভোগী হিসেবে জীবন কাটাচ্ছেন। তার ভাষায়, যেভাবে তাকে অপদস্থ করা হয়েছে এবং তার চরিত্র ও নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে একটি বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বাহিনীকে ব্যবহার করে একজন সাধারণ নারী শিল্পীর জীবন বিপর্যস্ত করার অভিযোগ করেন তিনি।

দীর্ঘদিন পর সত্য প্রকাশ্যে আসার প্রত্যাশা করে পরীমণি লিখেছেন, তিনি কোনো ক্ষোভ বা প্রতিশোধের কথা বলতে চান না, বরং সত্য ও ন্যায়বিচারের পক্ষে কথা বলতে চান। তার প্রশ্ন, রাষ্ট্রীয় সেই সাজানো মামলা থেকে আদালত হয়তো তাকে অব্যাহতি দেবেন, কিন্তু যে সম্মান ও মানসিক শান্তি তিনি হারিয়েছেন, তা কি আর কখনো ফিরে পাওয়া সম্ভব? মানুষের মনে তার সম্পর্কে যে বিভ্রান্তিকর ধারণা তৈরি করা হয়েছে, তার দায় রাষ্ট্র নেবে কি না—সে বিষয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

পরীমনির দাবি, তিনি সবসময় শিল্পী হিসেবে মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চেয়েছেন। একটি ঘটনার অভিঘাত তার জীবনকে যেভাবে বদলে দিয়েছে, তার দায়ভার তাকে আজও বহন করতে হচ্ছে। সবশেষে তিনি বলেন, তিনি কাউকে অপমান করতে চান না, বরং রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা অটুট থাকুক—সেই প্রত্যাশা করেন।কঠিন সময়ে যারা তার পাশে দাঁড়িয়েছিলেন, সেই পরিবার, সহকর্মী, বন্ধু ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরীমণি। তিনি অতীতের ক্ষত বয়ে না বেরিয়ে কাজ ও সন্তানের ভালোবাসা নিয়ে বাকি জীবন কাটাতে চান বলে জানান।