জুলাই ২২, ২০২৬, ০৩:৩৩ পিএম
বিশ্বজুড়ে বিলাসবহুল আয়োজন ও অবিশ্বাস্য চমকের জন্য পরিচিত জনপ্রিয় ইউটিউবার জিমি ডোনাল্ডসন ওরফে মিস্টার বিস্ট নিজের জীবনের সবচেয়ে বিশেষ দিনটিতে সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নিয়েছেন। জাঁকজমক ও আলোঝলমলে পরিবেশ এড়িয়ে একদম সাধারণ ও নিরিবিলি পরিবেশে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়সেনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন ২৮ বছর বয়সী এই তারকা।ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে নিজেই এই খবর জানিয়েছেন তিনি।পর্দায় কোটি কোটি ডলারের প্রজেক্ট উপহার দেওয়া এই ক্রিয়েটর নিজের বিয়েতে কোনো বাড়তি আড়ম্বর রাখেননি। দুই পরিবারের সদস্য ও অতি ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে অত্যন্ত ব্যক্তিগত ও ঘরোয়া পরিবেশে তাদের এই বিয়ে সম্পন্ন হয়।
বিয়েকে কেন্দ্র করে থিয়া পরেছিলেন আইভরি ও নুড রঙের ফুলের নকশা করা গাউন এবং মিস্টার বিস্ট পরেছিলেন ক্লাসিক সাদা টুক্সিডো জ্যাকেট ও কালো ট্রাউজার। দক্ষিণ আফ্রিকায় এক সাধারণ বন্ধুর মাধ্যমে তাদের প্রথম পরিচয় হয়েছিল এবং পরবর্তীতে সামাজিক মাধ্যমে কথোপকথন থেকে সম্পর্কের সূত্রপাত ঘটে।
সম্পর্কের এক বছর পূর্ণ হতেই থিয়াকে বিয়ের প্রস্তাব দেন জিমি। তবে এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করা পর্যন্ত তারা অপেক্ষা করেন এবং পরবর্তীতে ২০২৪ সালের ডিসেম্বরে তাদের আনুষ্ঠানিকভাবে বাগদান হয়। দীর্ঘদিনের সম্পর্কের পর অবশেষে জীবনের নতুন এই অধ্যায় শুরু করলেন এই জনপ্রিয় জুটি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন