সেপ্টেম্বর ১১, ২০২৬, ০৮:৩০ পিএম
অস্ট্রেলিয়ার সিডনিতে রক সংগীতের আসর মাতাতে মঞ্চে উঠছেন নগরবাউল ব্যান্ডের প্রধান তারকা জেমস। স্থানীয় সময় শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে আয়োজিত হচ্ছে এই বিশেষ সংগীতানুষ্ঠান। এই কনসার্টে জেমসের সঙ্গে একই মঞ্চে গান পরিবেশন করবেন ওপার বাংলার জনপ্রিয় ব্যান্ড ফসিলসের প্রধান ভোকাল রূপম ইসলাম। দুই বাংলার জনপ্রিয় দুই রক তারকাকে দীর্ঘ বিরতির পর আবারও একমঞ্চে পাচ্ছেন প্রবাসী ভক্তরা।
অনুষ্ঠান উপলক্ষে সিডনিতে আগেই পৌঁছে গেছেন নগরবাউল জেমস। আয়োজকদের মাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি জানান, তাঁদের পুরো দল ইতিমধ্যে সিডনি এসে পৌঁছেছে এবং শনিবার নরওয়েস্ট কনভেনশন সেন্টারে দর্শকদের সঙ্গে সরাসরি দেখা হবে। একই সঙ্গে তিনি প্রবাসী শ্রোতাদের দুই বাংলার দুই ব্যান্ডের এই যৌথ পরিবেশনায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
এর আগে ২০২৪ সালে ভারতে আয়োজিত ‘পূজাওয়ালাদের গান’ শীর্ষক একটি কনসার্টে জেমস ও রূপম ইসলাম শেষবারের মতো একই মঞ্চে গান করেছিলেন। সেই আয়োজনের পর সিডনির আসরটি তাঁদের ভক্তদের জন্য একটি বিশেষ মুহূর্ত হতে যাচ্ছে। দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক বিভিন্ন মঞ্চে নিয়মিত কনসার্টের ব্যস্ততার পাশাপাশি নগরবাউল ব্যান্ডটি বর্তমানে নতুন গানের কাজও চালিয়ে নিচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন