শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

শিকার‍‍` সিনেমার শুটিং শেষে দেশে ফিরেই গ্রেপ্তার মরতুজা পলাশ

বিনোদন ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০৩:৪৭ পিএম

শিকার‍‍` সিনেমার শুটিং শেষে দেশে ফিরেই গ্রেপ্তার মরতুজা পলাশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন চিত্রনায়ক মরতুজা পলাশ। নেপালে শুটিং সম্পন্ন করে দেশে ফেরার পর গত ২৮ আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হলেও বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। তিনি নেপালে চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন। গত আগস্ট মাসে শুরু হওয়া ওই চলচ্চিত্রের ২৫ দিনের বেশি শুটিং শেষে আকস্মিক বন্যার কারণে ২৮ আগস্ট দেশে ফেরে পুরো ইউনিট। সেদিনই বিমানবন্দর এলাকা থেকে পলাশকে গ্রেপ্তার করে পুলিশ। মামলা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। 

রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ঘটনা ও মামলার অন্যান্য আসামিদের বিষয়ে পুলিশ তার কাছ থেকে কিছু তথ্য পেয়েছে বলে একটি সূত্র দাবি করলেও, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি। এদিকে প্রধান চরিত্রের অভিনেতা কারাগারে থাকায় অনিশ্চয়তার মুখে পড়েছে ‘শিকার’ সিনেমার অবশিষ্ট অংশের কাজ। নেপালে সিনেমাটির সিংহভাগ অংশের চিত্রধারণ সম্পন্ন হলেও কয়েকটি দৃশ্য ও গানের কাজ বাকি রয়েছে।

নির্মাতা কামরুজ্জামান রোমান আগামী অক্টোবরে বাকি দৃশ্য ধারণের পরিকল্পনা করেছিলেন। কিন্তু অভিনেতা কারাগারে থাকায় শুটিংয়ের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ আটকে গেছে। এ বিষয়ে কামরুজ্জামান রোমান জানান, নেপালে ‘শিকার’ চলচ্চিত্রের অধিকাংশ কাজ শেষ হয়েছে এবং অক্টোবরে বাকি অংশ শেষ করার পরিকল্পনা ছিল। তবে অভিনেতা কারাগারে থাকায় চূড়ান্ত শিডিউল দেওয়া সম্ভব হচ্ছে না। পলাশ বিষয়টি আইনিভাবে মোকাবেলা করছেন এবং প্রযোজনা সংস্থা আশা করছে তিনি দ্রুত জামিন পাবেন, তা না হলে ইউনিটের অপেক্ষা করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।

সীমান্তবর্তী অঞ্চলের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে থ্রিলার ঘরানার চলচ্চিত্র ‘শিকার’। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে এতে মরতুজা পলাশ ও অপু বিশ্বাসের পাশাপাশি অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার এবং ভারতের পশ্চিমবঙ্গের খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য।