রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,
নোবেল পুরস্কার ঘোষণা

নোবেল পুরস্কার ঘোষণা ৫ অক্টোবর: বাড়ল অর্থমূল্য

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০২:৫১ পিএম

নোবেল পুরস্কার ঘোষণা ৫ অক্টোবর: বাড়ল অর্থমূল্য

চলতি বছরের নোবেল পুরস্কারের ঘোষণা আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। আগামী ৫ অক্টোবর থেকে ১২ অক্টোবরের মধ্যে চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্ব, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি এবং অর্থনীতি—এই ছয়টি বিভাগে ধাপে ধাপে বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। নোবেল পুরস্কারের সব আনুষ্ঠানিক ঘোষণা সরাসরি সম্প্রচার করা হবে এবং বিস্তারিত বিবরণ তাদের নিজস্ব ডিজিটাল মাধ্যমে উন্মুক্ত থাকবে।

প্রথম তিন দিনেই জানা যাবে বিজ্ঞানের তিন শাখার বিজয়ীদের নাম। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ৫ অক্টোবর সোমবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে বিজয়ীদের নাম প্রকাশের মাধ্যমে এই পর্ব শুরু হবে। এরপর ৬ অক্টোবর মঙ্গলবার বিকেল তিনটা ৪৫ মিনিটে পদার্থবিজ্ঞানে এবং ৭ অক্টোবর বুধবার একই সময়ে রসায়নে নোবেলজয়ীদের নাম জানানো হবে। বিজ্ঞানের এই তিন বিভাগের পর পর্যায়ক্রমে সাহিত্য, শান্তি এবং সর্বশেষ অর্থনীতিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

এবার নোবেল পুরস্কারের অর্থমূল্যে বড় ধরনের বৃদ্ধি আনা হয়েছে। গত ২০২৫ সালে প্রতিটি পুরস্কারের অর্থমূল্য ছিল এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। চলতি ২০২৬ সালে তা দশ লাখ ক্রোনা বাড়িয়ে এক কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা নির্ধারণ করা হয়েছে। ফলে প্রতিটি পুরস্কারের আর্থিক মূল্য বেড়েছে প্রায় নয় শতাংশ।

নোবেল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হানা স্টিয়ারনে জানিয়েছেন, ২০২৬ সালে নোবেল পুরস্কারের ১২৫তম বার্ষিকী উপলক্ষে এই অর্থমূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে দীর্ঘমেয়াদে পুরস্কারের আর্থিক মানদণ্ড সমুন্নত রাখার চেষ্টা করা হচ্ছে।

এর আগে ২০২৩ সালে নোবেল পুরস্কারের অর্থমূল্য এক কোটি থেকে বাড়িয়ে এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা করা হয়েছিল। তবে পরবর্তী দুই বছর অর্থাৎ ২০২৪ ও ২০২৫ সালে এই অঙ্কে কোনো পরিবর্তন আনা হয়নি।

নিয়ম অনুযায়ী, কোনো একটি বিভাগে যৌথভাবে একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান পুরস্কার পেলে নির্ধারিত এক কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা তাদের মধ্যে সমভাবে ভাগ করে দেওয়া হবে। বর্তমান বিনিময় হার অনুযায়ী এর আর্থিক মূল্য প্রায় ১২ লাখ আট হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৪ কোটি ৯১ লাখ টাকারও বেশি। প্রতিটি বিভাগের নোবেলজয়ী একটি মর্যাদাপূর্ণ নোবেল পদক, একটি সনদপত্র এবং এই নির্ধারিত অর্থমূল্য লাভ করবেন।