রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ফুলছড়িতে আন্তর্জাতিক নারী দিবস ও বর্ণাঢ্য র‍্যালি

মোস্তাফিজুর রহমান

মার্চ ৯, ২০২৬, ০৩:১৮ পিএম

ফুলছড়িতে আন্তর্জাতিক নারী দিবস ও বর্ণাঢ্য র‍্যালি

চরাঞ্চলে নারীদের মানববন্ধন :ছবি-দিনাজপুর টিভি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, মানববন্ধন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। "আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (০৮ মার্চ) উপজেলার ফজলুপুর ও ফুলছড়ি ইউনিয়নের সুবিধাবঞ্চিত নারীদের অংশগ্রহণে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এসকেএস ফাউন্ডেশনের ‘কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন’ (সিআরইএ) প্রকল্পের উদ্যোগে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার ফজলুপুর ইউনিয়নের মধ্য খাটিয়ামারী এলাকায় দিনব্যাপী এই অনুষ্ঠান পালিত হয়। অনুষ্ঠানে চরাঞ্চলের নারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের শ্রমের স্বীকৃতির দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে চরের নারীরা তাদের অধিকার আদায়ে বেশ কিছু সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন। তাদের দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল—নারীর গৃহস্থালীর কাজের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, চরাঞ্চলে নারী-বান্ধব ও আধুনিক আশ্রয়কেন্দ্র নির্মাণ, চরের নারীদের ভূমির মালিকানা নিশ্চিত করা এবং নারী শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান। 

এছাড়া বক্তারা নারীকে ‘কৃষক’ হিসেবে সরকারি স্বীকৃতি প্রদান এবং তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার জোর দাবি জানান।ফজলুপুর ইউনিয়নের ইউপি সদস্য ময়েজউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফুলছড়ি ইউনিয়নের ইউপি সদস্য সাজাহান মিয়া এবং প্রজেক্ট অফিসার সুলতানা বাহার। 

সভায় অদম্য নারী পুরস্কারপ্রাপ্ত জাহানারা বেগম ও মেমনা বেগমসহ স্থানীয় নারী নেত্রীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, চরাঞ্চলের নারীরা জলবায়ু পরিবর্তনের শিকার হয়েও কঠোর পরিশ্রমের মাধ্যমে সংসার ও কৃষি টিকিয়ে রাখছেন। তাদের তথ্যপ্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা এখন সময়ের দাবি। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।